স্পেসএক্স ক্যাপসুল ফিরে এসেছে
আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র (আইএসএস) থেকে পৃথিবীতে নিরাপদে ফিরে এসেছে স্পেসএক্স ক্যাপসুল। নভোযানটি মেক্সিকোর পশ্চিমে প্রশান্ত মহাসাগরে গত সোমবার অবতরণ করে। এটি বাণিজ্যিকভাবে পরিচালিত প্রথম নভোযান। ক্যালিফোর্নিয়াভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান স্পেসএক্সের এই ক্যাপসুলটি নাসার জন্য আরও ১১টি অভিযানে যাবে। মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা নিয়মিত মহাকাশ অভিযানে বেসরকারি অংশগ্রহণ বাড়াতে চায়। মানুষবিহীন স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলটি ৪০০ কিলোগ্রাম ওজনের খাবার, কাপড়-চোপড়, গবেষণার উপকরণ ও যন্ত্রাংশ নিয়ে ৭ অক্টোবর রওনা হয়ে তিন দিন পর আইএসএসে পৌঁছায়। ফেরার পথে ক্যাপসুলটি বিভিন্ন ভাঙা যন্ত্রপাতি এবং নভোচারীদের গত এক বছরে সংগৃহীত বিভিন্ন নমুনা নিয়ে এসেছে। স্পেসএক্সের সম্ভাব্য পরবর্তী অভিযানটি হবে জানুয়ারিতে। প্রতিষ্ঠানটি এ ব্যাপারে নাসার সঙ্গে ১৬০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে। বিবিসি।