স্প্যানিশ না জানায় বিপাকে ওবামা-রমনি
চলতি গ্রীষ্মে ফ্লোরিডায় কিউবান-আমেরিকান এক বেতারে সাক্ষাৎকার দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি। সাক্ষাৎকারের একপর্যায়ে রমনিকে প্রশ্ন করা হয়, তাঁর পছন্দের ফল কী? রমনি উত্তর দেন, ‘ম্যাঙ্গো (আম), পাপায়া (পেঁপে) ও গোয়াভা (পেয়ারা)।’ উত্তর শুনে আয়োজকেরা হাসি দমিয়ে রাখতে পারছিলেন না। কারণ, কিউবার স্প্যানিশ ভাষায় ‘পাপায়া’ শব্দটি নারীদের বিশেষ অঙ্গের নাম হিসেবে ব্যবহূত হয়। স্প্যানিশ ভাষা না জানার কারণে রমনিকে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ হিস্পানিক। স্প্যানিশভাষী এই জনগোষ্ঠী মূলত লাতিন আমেরিকার দেশগুলোর বংশোদ্ভূত মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের যেকোনো নির্বাচনেই এই জনগোষ্ঠীর ভোট প্রার্থীদের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনও এর ব্যতিক্রম নয়। তবে স্প্যানিশ না জানার কারণে দুই প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট বারাক ওবামা ও রমনির হিস্পানিক ভোটারদের মন জয় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।মার্কিন নেতাদের জন্য এ সমস্যা অবশ্য নতুন নয়। ওবামা-রমনি ছাড়াও এর আগে অনেক মার্কিন নেতাকেই এ সমস্যায় পড়তে হয়েছে।সম্প্রতি ওবামা ও রমনি মিয়ামিতে স্প্যানিশ ভাষার সবচেয়ে বড় টেলিভিশন নেটওয়ার্ক ইউনিভিশনে হিস্পানিক ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। স্প্যানিশ ভালো না জানায় তাঁরা ইংরেজিতে কথা বলেন। এতে সমস্যা হলো, তাঁরা যাঁদের কাছে ভোট চাইছেন, তাঁরা ভালোভাবে দুই নেতার কথা বুঝতে পারেননি। কারণ, হিস্পানিকদের অনেকেই ইংরেজি ভালোভাবে বোঝেন না। ওবামা বা রমনি স্প্যানিশ জানলে খুব সহজেই নিজের অবস্থান হিস্পানিকদের কাছে তুলে ধরতে পারতেন। এই জনগোষ্ঠীর ভোটারদের মন জয় করাও অনেক সহজ হতো।২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নেমেছিলেন বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ওই সময় হিস্পানিক জনগোষ্ঠীর সামনে বক্তৃতায় হিলারি স্প্যানিশ ভাষায় বলেন, ‘সি, সে পুয়েডা।’ কিন্তু তিনি বোঝাতে চেয়েছিলেন ‘সি, সে পুয়েডে।’ এর অর্থ হলো, ‘হ্যাঁ, আমরাও পারি।’ তবে হিলারির এই ছোট্ট ভুলের জন্য তাঁকে অবশ্য তেমন সমস্যায় পড়তে হয়নি। কিন্তু স্প্যানিশ ভাষায় ‘সি, সে পুয়েডা’ শব্দগুচ্ছ মার্কিন রাজনীতিতে অনেক পরিচিত। ষাটের দশক থেকে এটি স্লোগান হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে।সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি নির্বাচনের আগে হিস্পানিক ভোটারদের মন জয়ে বিজ্ঞাপন ব্যবহার করেছিলেন। বিজ্ঞাপনে তাঁর স্ত্রী জ্যাকি কেনেডিকে চমৎকার উচ্চারণে স্প্যানিশ বলতে দেখা যায়।সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অবশ্য স্প্যানিশ ভাষা রপ্ত করেছিলেন। তবে টেক্সাসের উচ্চারণে তাঁর স্প্যানিশের জন্য অনেকে তাঁকে ব্যঙ্গও করেন।হিস্পানিক পরিবারগুলোকে সহায়তাদানকারী প্রতিষ্ঠান ডেনভারের মি কাসা রিসোর্চ সেন্টারের ক্রিস্টিন মার্কুয়েজ-হাডসন বলেন, রাজনীতিবিদদের ভাঙা ভাঙা স্প্যানিশ বলাকে উৎসাহই দেওয়া হয়। কিন্তু কারও উচ্চারণ যদি সত্যিই ভয়াবহ পর্যায়ের হয়, তাহলে সেটা অগ্রহণযোগ্য। বিবিসি।