স্বচ্ছতার অঙ্গীকার রাখেননি ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটারদের মন জয় করতে নির্বাচনের আগে বারাক ওবামা বিগত যেকোনো সরকারের চেয়ে অনেক বেশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার উপহার দেওয়ার অঙ্গীকার করেছিলেন। এ অঙ্গীকারে আশান্বিত হয়ে জনগণ তাঁকে ক্ষমতায় বসিয়েছিল। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা অভিযোগ করেছেন, শেষ পর্যন্ত কথা রাখেননি ওবামা। উল্টো তিনি সরকারি তথ্য ফাঁসকারীদের ওপর আগের যেকোনো সরকারের চেয়ে ধারাল ‘খড়্গ’ তুলে ধরেছেন। তাঁদের অভিযোগ, ওবামা মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে যে পদক্ষেপ নিচ্ছেন, তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘নজিরবিহীন’। সমালোচকেরা বলেন, ওবামা ক্ষমতায় আসার আগে গত ৪০ বছরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকার তথ্য ফাঁসের অভিযোগে সব মিলিয়ে মাত্র তিনটি মামলা করেছিল। অন্যদিকে ওবামা সরকার মাত্র দুই বছরে পাঁচটি মামলা করে তাদের টপকে গেছে। এটিকে তাঁরা সরকারের ‘দ্বিমুখী নীতি’ বলে মন্তব্য করেছেন। মার্কিন গোপন তথ্য নিয়ে ১৯৭১ সালে লেখা পেন্টাগন পেপারস বইয়ের লেখক ও বিখ্যাত সাংবাদিক ড্যানিয়েল এলসবার্গ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতাসীন প্রেসিডেন্ট গোপন তথ্য ফাঁসের অভিযোগে এর মধ্যে পাঁচ পাঁচটি মামলা করে ফেলেছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকার রীতিমতো তথ্য ফাঁস ঠেকানোর আন্দোলনে নেমে পড়েছে।’ওবামা সরকার যে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে তারা হলেন: মার্কিন সেনা কর্মকর্তা ব্র্যাডলি ম্যানিং, সাবেক সিআইএ কর্মকর্তা জেফরি স্টারলিং, জাতীয় প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তা থমাস ড্রেক, এফবিআইর দোভাষী শামাই লিবোভিৎস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা স্টিফেন কিম। আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ড্যান মার্কাস বলেন, ওবামা সরকার পরিষ্কারভাবে দ্বিমুখী নীতি অনুসরণ করছে। এটা ভন্ডামির নামান্তর। এএফপি।