উগান্ডায় ভূমিধসে মাটিচাপা পড়া একটি গ্রামে নিখোঁজ স্বজনদের সন্ধান অব্যাহত রেখেছে গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার উদ্ধারকাজে অংশ নেন জাতিসংঘের উদ্ধারকর্মীরা। গত মঙ্গলবার রাতে দেশের পূর্বাঞ্চলীয় বুদুদা শহরের কাছে অবস্থিত একটি গ্রাম ভূমিধসে মাটিচাপা পড়ে। গতকাল পর্যন্ত ৮০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩০০ জনের বেশি নিখোঁজ রয়েছে। প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে এলগন পর্বতের ঢালে এই ভূমিধস হয়।ভূমিধসে যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় কেনিয়ার সীমান্তে অবস্থিত দুর্ঘটনাস্থলে উদ্ধারকারীদের পৌঁছাতে সময় লাগে। জাতিসংঘ ও বিভিন্ন দাতা সংস্থার কর্মীরা পানি বিশুদ্ধকরণ বড়ি, জেনারেটর, জরুরি স্বাস্থ্যসেবা সরঞ্জামসহ বিভিন্ন ত্রাণসামগ্রী দুর্ঘটনাস্থলে নেওয়ার জন্য সেনাসদস্যদের সঙ্গে কাজ করছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরুর আগে জাতিসংঘের উগান্ডা দলের আবাসিক সমন্বয়কারী থিওফানে নিকিয়েমা বলেন, ‘আমরা আজ (গতকাল) থেকেই উদ্ধারকাজে অংশ নিচ্ছি। সরকারি কর্মকর্তা ও সেনাসদস্যদের সঙ্গে মিলে কাজ করব।’নিকিয়েমা বলেন, ‘উদ্ধারকারী দলটি গত বুধবার বুদুদা পৌঁছলেও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত গ্রামটিতে পৌঁছাতে পারেনি। তবে আজ তারা সেখানে পৌঁছাবে।’ উগান্ডার রেডক্রস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অভিযোগ করছেন, অতিরিক্ত বৃষ্টি ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে হাতে ব্যবহার করা মাটি খোঁড়ার সরঞ্জাম নিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা।বুদুদা জেলার ভাইস চেয়ারম্যান জিওফ্রে নাতুবু বলেন, ‘আমরা মাটি সরানোর কাজ চালিয়ে যাচ্ছি। রাতেও মাটি সরানো হয়েছে।’ তিনি জানান, ধারণা করা হচ্ছে, নিখোঁজদের মধ্যে ৩৫ জন স্কুলছাত্রীও রয়েছে। উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি বুধবার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। এএফপি।