স্বজনপ্রীতির অভিযোগে দ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
স্বজনপ্রীতির অভিযোগ ওঠায় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউ মিউং হুয়ান গতকাল শনিবার পদত্যাগপত্র দাখিল করেছেন। ওই মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিউংয়ের মেয়ে ভালো বেতনের চাকরি পাওয়ার পর তাঁর বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। এই বিতর্কিত ঘটনার জন্য মিউং ক্ষমাও চেয়েছেন। প্রেসিডেন্ট লি মিউং বাক মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিম ইয়ং-সান সাংবাদিকদের বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে মেয়েকে চাকরি দেওয়ার বিষয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় দায়ভার গ্রহণ করে ইউ মিউং পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নিজের দেশে বেকারত্ব বিরাজ করার মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীর স্বজনপ্রীতির এ অভিযোগ জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, প্রেসিডেন্ট লি মিউং-বাক তাঁর পদত্যাগপত্র গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্টের ব্লু হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট মন্ত্রীর পদত্যাগপত্র প্রত্যাখ্যান করবেন না বলেই ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ৩১ মাস আগে ইউ মিউংকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নিজের মন্ত্রণালয়ে মেয়েকে উচ্চ বেতনে চাকরি দেওয়ায় ইউ মিউং গত শুক্রবার দুঃখ প্রকাশ করেছেন। তবে মেয়েকে চাকরি দেওয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ তিনি অস্বীকার করেন। চলতি সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয় মাঝারি পর্যায়ে একটি পদে পররাষ্ট্রমন্ত্রীর ৩৫ বছর বয়সী মেয়েকে নির্বাচিত করে। দ্বিতীয় দফায় চাকরির আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ১০ দিন থেকে বাড়িয়ে এক মাস করা হয়েছিল। প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ পড়ার পর প্রয়োজনীয় কাগজপত্র পুনরায় জমা দিতে তাঁকে যথেষ্ট সময় দেওয়ার অভিযোগ ওঠে। এ পদে তিনি ছিলেন চূড়ান্তভাবে নির্বাচিত তিনজনের একজন এবং সাক্ষাৎকারের পর মন্ত্রীর মেয়েকে নির্বাচিত করা হয়। এএফপি ও রয়টার্স।