বসনিয়া-হার্জেগোভিনার স্রেব্রেনিৎসা গণহত্যার ১৫তম বার্ষিকী ছিল গতকাল রোববার। ১৯৯৫ সালের এই দিনে বসনীয় সার্ব সেনারা স্রেব্রেনিৎসা অঞ্চলের আট হাজার মুসলমানকে হত্যা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে এটাই হলো সবচেয়ে বড় গণহত্যার ঘটনা।ইতিহাসের জঘন্যতম এই গণহত্যার বার্ষিকী উপলক্ষে গতকাল স্রেব্রেনিৎসার পাশে পোতোকারি সমাধিক্ষেত্রে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সার্বিয়ার প্রেসিডেন্ট বোরিস তাদিচ ও তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান যোগ দেন। এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বিবৃতিতে বলেছেন, ‘স্রেব্রেনিৎসা গণহত্যার ঘটনা কখনোই ভুলে যাওয়ার নয়। এই হত্যাকাণ্ডের ঘটনা ইউরোপকে লজ্জিত করেছে।’পোতোকারি সমাধিক্ষেত্রে সেদিনের ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে সর্বমোট তিন হাজার ৭৪৯ জনকে সমাহিত করা হয়। গতকাল সেখানে আরও ৭৭৫ জনকে সমাহিত করা হয়। সম্প্রতি অন্য একটি স্থানে এই ৭৭৫ জনের দেহাবশেষের সন্ধান পাওয়া যায়।গতকাল ৭৭৫ জনের দেহাবশেষ সমাধিস্থ করা উপলক্ষে সমাধিক্ষেত্র ও এর আশপাশ এলাকায় হাজার হাজার মানুষ সমবেত হয়। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শত শত কফিন সমাধিক্ষেত্রে নিয়ে আসার সময় আত্মীয়স্বজনেরা কান্নায় ভেঙে পড়ে। এদেরই একজন ছিলেন রমিজা গারদিচ। ৫৭ বছরের এই নারী তাঁর ১৭ বছরের ছেলে মেহরুদিনের দেহাবশেষ সমাহিত করার জন্য আসেন।রমিজা বলেন, ‘মেহরুদিনকে হত্যা করার সময় তার বয়স ১৭ বছরও পূর্ণ হয়নি। সেই ঘটনা আমি কিছুতেই ভুলতে পারছি না। মেহরুদিন ও অন্য হতভাগাদের কথা প্রতিদিনই মনে পড়ে। তাদের ক্ষুধা-তৃষ্ণার কথা ভেবে এখনো ব্যথিত হই। ছেলে হারানোর যন্ত্রণা নিয়ে প্রতিদিন বিছানায় যাই। সেই যন্ত্রণা নিয়েই আবার ঘুম থেকে জেগে উঠি।’হাতিৎসা মেদোভিচ নামের আরেকজন এসেছিলেন স্বামী ও দুই ছেলের দেহাবশেষ সমাহিত করতে। ৬৮ বছরের মেদোভিচ বলছিলেন, ‘আমি সব সময় তাদের অপেক্ষায় ছিলাম। আমি বিশ্বাস করতে পারছি না, এ ধরনের ঘৃণ্য অপরাধ ঘটতে পারে। আমার আর কিছুই রইল না। স্বামী-সন্তান ফিরে আসার স্বপ্নের মৃত্যু হলো আজ।’১৯৯৫ সালে বসনীয় সার্ব সেনাদের হাতে স্রেব্রেনিৎসা অঞ্চলের পতনের কয়েক দিন পর ১১ জুলাই সেখানকার আট হাজার মুসলমান পুরুষ ও যুবককে গুলি করে হত্যা করা হয়। পরে তাঁদের বিভিন্ন স্থানে গণকবর দেওয়া হয়। তবে সবচেয়ে বেশি মানুষের কবর এই স্রেব্রেনিৎসা সমাধিক্ষেত্রে। আন্তর্জাতিক আদালত এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে ঘোষণা করেছেন। এএফপি।