স্বপ্ন পূরণ হতে চলেছে এস্তিবালিস শাভেজের
এক প্রভাবশালী ব্যক্তির দয়ায় স্বপ্ন পূরণ হতে চলেছে মেক্সিকোর এস্তিবালিস শাভেজ নামের এক তরুণীর। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের অনুষ্ঠান দেখতে লন্ডন যেতে পারবেন তিনি। শাভেজের খুব শখ, ব্রিটিশ রাজপরিবারের ওই বিয়ের অনুষ্ঠানে থাকবেন। এ ব্যাপারে তিনি এতই নাছোড়, সুযোগ আদায়ে অনশন শুরু করেন তিনি। এ ঘটনা মেক্সিকোর রাজনৈতিক অঙ্গনের শীর্ষ পর্যায়ের তদবিরকারী অক্তাভিও ফিচ লাজোকে নাড়া দেয়। তিনি তাঁকে লন্ডনে যেতে প্রয়োজনীয় অর্থ ধার দিতে রাজি হয়েছেন। ১৯ বছর বয়সী তরুণী এস্তিবালিসের বসবাস মেক্সিকো সিটির এক ঘিঞ্জি এলাকায়। এস্তিবালিস শৈশব থেকেই ব্রিটিশ রাজপরিবারের ভক্ত। জন্মের পর বাবা-মায়ের কাছে প্রয়াত প্রিন্সেস ডায়ানার গল্প শুনে শুনে শাভেজ তাঁর বিরাট ভক্ত বনে যান। তাঁদের বাড়িজুড়ে এই পরিবারবিষয়ক বই, ছবিসহ বিভিন্ন জিনিসের ছড়াছড়ি। উইলিয়াম ও কেটের বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার খুব ইচ্ছা হয় তাঁর। কিন্তু তিনি এমন এক পরিবারের মেয়ে, লন্ডন যাওয়ার মতো অর্থ নেই তাঁদের। এ কারণে বিকল্প এক পথ বেছে নেন তিনি। মেক্সিকো সিটির ব্রিটিশ দূতাবাসের বাইরে গত ফেব্রুয়ারিতে অনশনে বসে যান। ব্রিটিশ কর্মকর্তারা বারবার শাভেজকে বলেন, তাঁকে নিমন্ত্রণ করার কোনো সুযোগ নেই। কিন্তু এর পরও তিনি দমেননি। একটানা ১৬ দিন অনশন চালিয়ে যান। বিষয়টি নজর কাড়ে অক্তাভিও ফিচ লাজোর। তিনি তাঁকে লন্ডন যাওয়ার খরচ দিতে রাজি হন। এদিকে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বার্কশায়ার কাউন্টির গ্রাম আপার বাকলবেরিতে ঘটেছে আরেক ঘটনা। সেখানে ভারতীয় দম্পতি হাস শিনগাদিয়া ও তাঁর স্ত্রী চান একটি দোকান চালান। কয়েক দিন আগে তাঁদের কাছে একটি খাম এসে পৌঁছায়। দেখে তাঁদের চোখ ছানাবড়া। স্বয়ং রানির কার্যালয় থেকে এসেছে চিঠিটি। খাম খুলে দেখেন উইলিয়াম ও কেটের বিয়ের আমন্ত্রণপত্র এটি। ওই গ্রামে শৈশব কেটেছে কেটের। সেই সূত্রে শিনগাদিয়ার পরিবারের সঙ্গে কেটের পরিবারের সখ্য। বিবিসি, আনন্দবাজার পত্রিকা অনলাইন।