স্বপ্নে দেখা সোনা খুঁজতে গিয়ে পণ্ডশ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নে দেখা গুপ্তধন খুঁজতে গিয়ে পণ্ডশ্রম হয়েছে ভারতের প্রত্নতত্ত্ব অনুসন্ধানকারী সরকারি সংস্থার। অগত্যা আজ মঙ্গলবার খননকাজ বন্ধ করে দিয়েছে দেশটির আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)।

ভারতের উত্তর প্রদেশের উন্নাও জেলার রাজা রাও রাম বক্স সিংয়ের দুর্গে কয়েক টন সোনা লুকানো আছে, এমন বিশ্বাসের সূত্র ধরে সপ্তাহ দুয়েক আগে ওই স্থানে খননকাজ চালানো শুরু করে এএসআই। সংস্থাটি আজ জানিয়েছে, দুর্গের নিচে কোনো সোনা লুকানো নেই। এরপরই খনন বন্ধ করে দেওয়া হয়। দুর্গের ভেতরে ১৬ ফুট গভীর পর্যন্ত খুঁড়ে সোনা বা অন্য কোনো ধাতব পদার্থের সন্ধান মেলেনি।

লোকমুখে প্রচলিত আছে যে সিপাহি বিদ্রোহের সময় ব্রিটিশদের হাত থেকে বাঁচাতে রাজা এক হাজার টন সোনা লুকিয়ে রেখেছিলেন দুর্গের মন্দিরের তলায়। সিপাহি বিদ্রোহে যোগ দেওয়ায় রাজার ফাঁসি হয়েছিল।

এর আগে উন্নাও জেলার দৌন্ডিয়াখেরা গ্রামের পুরাতন মন্দিরটির নিচে এক হাজার টন সোনা পুঁতে রয়েছে বলে দাবি করেছিলেন শোভন সরকার নামের স্থানীয় এক সাধু। তিনি বলেছিলেন, তাঁকে স্বপ্নে দেখা দেন তত্কালীন রাজা রাও রাম বক্স সিং। স্বপ্নে রাও শোভনকে সোনা উদ্ধারের নির্দেশ দেন।

পরে ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চরণদাস মোহন্তকে গুপ্তধনের কথা জানান শোভন সরকার। চরণদাসের হস্তক্ষেপে এলাকা পরিদর্শন করে ভারতের জিওলজিক্যাল সার্ভে ও আর্কিওলজিক্যাল সার্ভের কর্মকর্তারা।

১৮ অক্টোবর থেকে এ মন্দিরে শুরু হয় খননকাজ। খননের দিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ওবি (আউটসাইড ব্রডকাস্টিং) ভ্যানও থাকে ওই এলাকায়। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে খোঁড়াখুঁড়ি চলে।