স্বপ্নের নায়ক চাভেজ
হুগো চাভেজ সম্পর্কে গণমাধ্যমে যা কিছু প্রকাশিত বা সম্প্রচারিত হয়, তা সব সময়ই নেতিবাচক। তাঁর ভুলগুলো সব সময়ই অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়। বিকৃত করা হয় তাঁর ভাষণ। তাঁর সাফল্য সেভাবে কখনোই তুলে ধরা হয়নি। কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। সারা বিশ্বে লাখ লাখ ভক্ত রয়েছে চাভেজের। একটি মহাদেশেরই গতিপথ পাল্টে দিয়েছেন তিনি। একসময়ের নীরব, বঞ্চিত জনতাকে জেগে উঠতে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন প্রবল স্বপ্নচারী এবং একজন স্বপ্ননির্মাতা।একটি সাধারণ পরিবারে জন্ম চাভেজের। শৈশবে পরিবারের জন্য রাস্তায় চকলেট বিক্রি করেছেন। পিছিয়ে পড়া একটি সমাজ থেকে উঠে এসেও সব সময়ই একটি শক্তিশালী সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখতেন তিনি। চাভেজ চাইতেন, দেশকে সাম্রাজ্যবাদের হাত থেকে রক্ষা করে বিশ্ব পরিমণ্ডলে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠা করতে। দরিদ্র জনগোষ্ঠীর দুর্দশা লাঘব করে তাদের জীবনমান উন্নয়ন করাই ছিল তাঁর প্রধান স্বপ্ন। তিনি এই স্বপ্ন পূরণও করতে পেরেছেন।সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চের পরিসংখ্যান অনুযায়ী, চাভেজের ১৪ বছরের শাসনামলে ভেনেজুয়েলার দারিদ্র্য অর্ধেকেরও বেশি কমেছে। ১৯৯৮ সালে প্রথম ক্ষমতা গ্রহণের সময়ও ভেনেজুয়েলার ৬০ শতাংশ মানুষ ছিল দরিদ্রসীমার নিচে। ২০০৮ সালে তা কমে দাঁড়ায় মাত্র ২৭ শতাংশে।শুধু সংখ্যার ভিত্তিতে বিচার করলে ভুল হবে, লাখ লাখ মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছেন চাভেজ। যাঁরা আগে খেয়ে না খেয়ে দিন কাটিয়েছেন, সেসব দরিদ্র জনগোষ্ঠীই এখন তিন বেলা খেতে পারছেন। বাড়ির মালিক হয়েছেন। চাকরি পাচ্ছেন, সরকার থেকে আর্থিক সাহায্যও পাচ্ছেন।কিন্তু চাভেজের স্বপ্ন শুধু আর্থিক স্বাধীনতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তাঁর স্বপ্ন ছিল একটি শিক্ষিত, সুস্বাস্থ্য জাতিরও। এ কারণেই সবার জন্য সরকারি শিক্ষাব্যবস্থা প্রাথমিক থেকে পিএইডি পর্যন্ত অবৈতনিক করেছেন। প্রত্যন্ত বা সুবিধাবঞ্চিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করেছেন। সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ শিক্ষাব্যবস্থাও চালু করেন তিনি।বিপ্লবী এই নেতা সবার জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা চালু করেছেন। তাঁর জাতীয়ভিত্তিক এই কর্মসূচিতে কিউবা সহায়তা দিচ্ছে। ভেনেজুয়েলার সাধারণ মানুষকে মানসম্মত চিকিৎসাসেবা দিতে সেখানে হাজার হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে বন্ধুরাষ্ট্র কিউবা।শুধু শিক্ষা ও স্বাস্থ্য খাতেই নয়, অন্য সব পরিখাতেও চাভেজ কাজ করেছেন। রেলওয়ের উন্নয়ন করেছেন। প্রতিষ্ঠা করেছেন নতুন নতুন শিল্পকারখানা। মেট্রোক্যাবল কারের মতো উদ্ভাবনী পরিবহনব্যবস্থাও চালু করেছেন তিনি। এই মেট্রোক্যাবল কার ব্যবহার করে পার্বত্য অঞ্চলের মানুষ সহজেই কারাকাসসহ অন্যান্য শহরে যাতায়াত করতে পারছেন। সিএনএন।