স্বর্ণরেণুর খোঁজে
সন্ধ্যার পর অলংকারের দোকানগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন সাড়া পড়ে যায় তাদের মধ্যে। স্বর্ণরেণুর খোঁজে দোকানগুলোর আশপাশের ধুলোবালি ও কাদা ঘাঁটতে থাকে তারা। এভাবে নোংরা ধুলো ঝেড়ে ও কাদা ঘেঁটে বের করে আনা হয় সোনার মিহি কণা।পাকিস্তানের পেশোয়ারে এভাবে একদল মানুষের জীবিকা বাঁধা এই স্বর্ণরেণু আহরণের মধ্যে। কাজটি খুব কষ্টসাধ্য। তবে ভাগ্যে শিকে ছিঁড়লে কখনো বড় ধরনের দাঁ মারা যায়।পেশোয়ারের পুরোনো এলাকায় রয়েছে শত শত অলংকারের দোকান। এসব দোকানে অলংকার বানানোর সময় কারিগরেরা অলংকারের আদল দেওয়ার সময় সোনা কাটেন, গলান ও ব্রাশ করেন। এতে সোনার মিহিকণা অলক্ষ্যে ধুলোবালির সঙ্গে মিশে যায়। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। কখনো বা সোনার ছোটখাটো টুকরো বা অলংকারও কারিগরদের নজর এড়িয়ে থাকে। এসব আহরণই স্বর্ণরেণু-সন্ধানীদের জীবিকা।নয় বছর ধরে সোনার কণা খোঁজার কাজ করছেন তরুণ মুরাদ আলী (১৯)। কিছুদিন আগে সোনার দোকানের পাশে একটি ডোবা চষে বেড়াচ্ছিলেন তিনি। তিল পরিমাণ সোনার দানা পেলেও কষ্ট সার্থক। শেষে তিনি পেলেন আরও বড় কিছু। হঠাৎ তাঁর চিৎকার শোনা গেল, ‘ও রে, পেয়েছি!’ মুরাদ কী পেয়েছেন, তা জানতে তখন তাঁর সঙ্গীরা সবাই উন্মুখ। হাতের মুঠি মেলে ধরতেই ঝিলিক দিয়ে উঠল সোনা। সোনার কণা নয়, গোটা একটি আংটি তাঁর হাতে, যার দাম পাকিস্তানি মুদ্রায় কমপক্ষে আড়াই হাজার রুপি। মুরাদ জানান, ধুলোবালিতে এভাবে সোনার কণা ঘেঁটে তিনি সপ্তাহে ছয় থেকে সাত হাজার রুপি আয় করেন।স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী আরিফউল্লাহ খান বলেন, জঙ্গিদের বোমা হামলাসহ বিভিন্ন কারণে পেশোয়ারে রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে। এতে মানুষের জীবিকার পথ সংকুচিত হয়ে এসেছে। এ কারণে ধুলো ঝেড়ে সোনার কণা আহরণের পেশাটি বেশ জায়গা করে নিয়েছে। এএফপি।