স্বল্পপাল্লার তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া
উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে আজ শনিবার স্বল্পপাল্লার তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, জাপানের একটি সরকারি সূত্রও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি দাবি করেছে। এ বিষয়ে পিয়ংইয়ংয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দাবি করেন, ‘আজ সকালে উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই ধরনের অন্য ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে বিকেলে।’
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানাতে পারেনি সিউল।
পিয়ংইয়ংয়ের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা নতুন নয়। এর আগেও তারা এ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এবারের পদক্ষেপটি পরীক্ষা, নাকি মহড়ার অংশ, তা জানা যায়নি।
গত ফেব্রুয়ারিতে পারমাণবিক পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এর পরিপ্রেক্ষিতে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। এরপর কয়েক মাস ধরে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করে।