স্বশাসিত পার্বত্য অঞ্চল চাইছে গোর্খা জনমুক্তি মোর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবি থেকে সরে এসেছেন পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা। গত সোমবার দার্জিলিংয়ের কালিম্পংয়ের ডেলোতে এক সংবাদ সম্মেলনে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং জানান, তাঁরা এখন সাময়িকভাবে চাইছেন ‘দার্জিলিং-ডুয়ার্স রিজিওনাল অথরিটি’ বা ‘গোর্খাল্যান্ড রিজিওনাল অথরিটি’ নামের পৃথক স্বশাসিত পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলের মেয়াদ থাকবে ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর তাঁরা ফের পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবি নিয়ে সোচ্চার হবেন।সংবাদ সম্মেলনে জনমুক্তি মোর্চার নেতারা আরও কয়েকটি দাবি জানান। এগুলো হচ্ছে, পাহাড়ের উন্নয়নের জন্য কেন্দ্রকে দিতে হবে দুই হাজার কোটি রুপি, মোর্চার নেতৃত্বে গড়া জিএলপি বা গোর্খাল্যান্ড পুলিশ বাহিনীর সব সদস্যকে দিতে হবে সেনা বা পুলিশে চাকরি, দার্জিলিংয়ে গড়তে হবে হাইকোর্টের বেঞ্চ, গোর্খাদের জনজাতির স্বীকৃতি দিতে হবে, প্রস্তাবিত স্বশাসিত অঞ্চলকে ঘোষণা করতে হবে করমুক্ত এলাকা হিসেবে, স্বশাসিত পর্ষদ চালানোর জন্য রাখতে হবে ৫৫ জন প্রতিনিধি এবং মোর্চার নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নিতে হবে ইত্যাদি।মূলত পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য যে গড়া যাবে না, তা বুঝতে পেরেই পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবির আন্দোলন থেকে সরে এসেছে জনমুক্তি মোর্চা। তারা এখন চাইছে পৃথক স্বশাসিত অঞ্চল। এ লক্ষ্যে তারা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের কাছে প্রস্তাবও পাঠিয়েছেন। কাল দিল্লিতে বসছে এ নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক। সেখানেই চূড়ান্ত হতে পারে স্বশাসিত অঞ্চল গড়ার প্রস্তাব।এই জনমুক্তি মোর্চা পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিংয়ে আন্দোলন করে গোটা জেলাকে অশান্ত করে তুলেছে। বন্ধ্-হরতালে বারবার বিপর্যস্ত করেছে দাজিলিংকে। এ আন্দোলনের জেরে পাহাড়ে পর্যটকের সংখ্যা কমেছে। জনমুক্তির নেতারা বিভিন্ন দলের কাছে গিয়ে ধরনা দিয়েও পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবির প্রতি সমর্থন আদায় করতে পারেনি। ফলে এখন এই জনমুক্তির নেতারাই চাইছেন, পৃথক রাজ্য না চেয়ে বরং অন্তর্বর্তীকালের জন্য দার্জিলিং, শিলিগুড়ি ও ডুয়ার্সকে নিয়ে পৃথক একটি স্বশাসিত অঞ্চল গড়তে।আশির দশকে এই দার্জিলিংকে ভেঙে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের প্রথম দাবি তুলেছিলেন জিএনএলএফের নেতা সুভাষ ঘিসিং। সে সময়ও রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেউই সমর্থন জানায়নি সুভাষ ঘিসিংয়ের পৃথক রাজ্য গড়ার আন্দোলনের প্রতি। এরপর সুভাষ ঘিসিংকে প্রধান করে গড়া হয়েছিল দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ। এরপর সুভাষ ঘিসিংয়ের জিএনএলএফ থেকে বহিষ্কৃত হওয়ার পর নতুন করে আন্দোলন শুরু করেন জিএনএলএফের সাবেক নেতা বিমল গুরুং।