যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গদিতে বসে থাকাটা সহজ নয়। এখানে যিনি বসবেন, তাঁর রয়েছে যেমন অফুরন্ত সম্মান, তেমনি সামনে রয়েছে হাজারো কাজ, সমস্যা আর সীমাহীন দায়িত্ব ও প্রত্যাশার ভার। এগুলো এমনও নয় যে, চাইলেই কারও কাছে তুলে দেওয়া যাবে। এত কিছু মোকাবিলা করে এই পদে টিকে থাকাটাই যেন মার্কিন প্রেসিডেন্টের জন্য বড় কথা।হোয়াইট হাউসের সুশোভিত রোজ গার্ডেনে বসে প্রেসিডেন্ট বারাক ওবামাকে এখন এই চ্যালেঞ্জ মোকাবিলা করে ক্ষান্ত থাকলেই কেবল চলছে না, তাঁকে একই সঙ্গে একজন যোদ্ধা ও উপশমকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হচ্ছে। চেষ্টা করছেন জনমনে স্বস্তি ফেরানোর।বোস্টন ম্যারাথনে বোমা হামলার প্রেক্ষাপটে বিশ্লেষকেরা মনে করেন, যুক্তরাষ্ট্রে এখন একধরনের বিভক্তি স্পষ্ট। ওবামাকে এই মুহূর্তে অবশ্যই দেশে স্বস্তি ফিরিয়ে আনা বা জনগণকে একতাবদ্ধ করে—এমন বার্তা খুঁজে বের করতে হবে। সহিংস অপরাধ ও নিরীহ মানুষকে হত্যা প্রতিরোধে সক্ষম বার্তাই প্রেসিডেন্টের কাছে প্রত্যাশা করছেন জনগণ।এ কথা ঠিক, মার্কিনদের মনে কিছুটা হলেও স্বস্তি ফেরানোর চেষ্টা করছেন ওবামা। এ লক্ষ্যে বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে গতকাল তাঁর বোস্টনে যাওয়ার কথা। গত সোমবার বোস্টনের ম্যারাথনে ওই জোড়া বোমা হামলায় ভীতসন্ত্রস্ত দেশবাসীকে ঐক্যবদ্ধ ও তাঁদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করাই তাঁর এ সময়ের প্রধান কাজ। ম্যারাথনে অংশগ্রহণকারীরা যে নায়কোচিত মনোভাব দেখিয়েছেন, তার প্রশংসা করে তিনি নিশ্চিতভাবে এই কাজটি করার চেষ্টা করবেন।বিশ্লেষকেরা বলেন, এই সান্ত্বনা দেওয়ার কাজটি ওবামা হয়তো ভালোভাবেই করবেন। কিন্তু তা আরও ভালো হবে, যদি তাঁর এই সান্ত্বনার বাণীতে সন্ত্রাস দমনে অব্যাহত রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বানের সুরটিও প্রতিফলিত হয়।