মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে ওয়াশিংটন ‘দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ’। ফিলিস্তিনি জনগণ অবশ্যই একটি স্বাধীন রাষ্ট্রের দাবিদার।ফিলিস্তিন সফরে রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ওবামা এসব কথা বলেন। এদিকে মাহমুদ আব্বাস মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন, ইসরায়েল পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ না করা পর্যন্ত কোনো আলোচনা নয়।যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, পশ্চিম তীরে ইসরায়েল যে ইহুদি বসতি সম্প্রসারণের কাজ করছে, তা ‘গঠনমূলক বা শান্তি-প্রক্রিয়ার জন্য সঠিক কোনো কাজ নয়’। তিনি বলেন, দুই রাষ্ট্র গঠন করে মধ্যপ্রাচ্য সংকট সমাধানের আশা থেকে তিনি সরে যাননি। তবে সেই লক্ষ্য অর্জনে সংবাদ সম্মেলনে নতুন কোনো প্রস্তাবও দেননি ওবামা।মার্কিন প্রেসিডেন্ট জানান, তাঁর নতুন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিষয়টি নিয়ে সময় ব্যয় করবেন। ওয়াশিংটন দুই পক্ষকে কাছাকাছি এনে সরাসরি আলোচনার টেবিলে বসানোর জন্য কাজ করবে।সংবাদ সম্মেলনে মাহমুদ আব্বাস বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ‘চমৎকার পরিবেশে গুরুত্বপূর্ণ’ আলোচনা হয়েছে। তিনি বলেন, শান্তি অবশ্যই প্রয়োজন এবং এটা অবশ্যম্ভাবী। তবে এ জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সাহস।আব্বাসের রাজনৈতিক উপদেষ্টা নিমর হামাদ জানান, ওবামার সঙ্গে আব্বাসের প্রায় আড়াই ঘণ্টার বৈঠক হয়েছে। এ সময় আব্বাস মার্কিন প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন, বসতি সম্প্রসারণ বন্ধ না হলে ইসরায়েলের সঙ্গে আলোচনা সম্ভব নয়।এর আগে গত বুধবার ইসরায়েল সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ওবামা। ওই বৈঠকে দুই রাষ্ট্র গঠন করে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে ওয়াশিংটনের অঙ্গীকারের কথা উল্লেখ করেন তিনি। পরে জেরুজালেমে ওবামা বলেন, ‘অবশ্যই শক্তিশালী ও নিরাপদ একটি ইহুদি রাষ্ট্র গঠন করা হবে। পাশাপাশি একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রও গঠন করতে হবে।’এদিকে ইসরায়েল অভিযোগ করেছে, গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। সকালের দিকে পরপর দুটি রকেট হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ছাড়া গাজা ভূখণ্ড থেকে আরও দুটি রকেট ছোড়া হলেও তা ইসরায়েল পর্যন্ত পৌঁছায়নি। ফিলিস্তিনের একজন মুখপাত্র জানান, রকেট হামলাসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলার নিন্দা জানিয়েছেন মাহমুদ আব্বাস।ওবামা গত বুধবার ইসরায়েল সফরে যান। জেরুজালেম থেকে গতকাল ফিলিস্তিনের রামাল্লায় পৌঁছান তিনি। সেখান থেকে আজ শুক্রবার জর্ডানে যাবেন প্রেসিডেন্ট ওবামা। বিবিসি ও এএফপি।