স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বিশ্ববাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি জরিপে অংশ নেওয়া বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের বেশির ভাগই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে মত দিয়েছেন। বিবিসি ও গ্লোবস্ক্যান যৌথভাবে ওই জরিপ পরিচালনা করে। জরিপে মোট ২০ হাজার ৪৬৬ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। চলতি বছরের ৩ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত পরিচালিত ওই জরিপে সরাসরি ও টেলিফোনের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণ করা হয়। অংশগ্রহণকারীদের ৪৯ শতাংশই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব সমর্থন করেছেন। তবে ২১ শতাংশ মনে করেন তাঁদের দেশের সরকারের ওই পদক্ষেপের বিরোধিতা করা উচিত।জরিপের ফলে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন উভয় দেশের ৩৬ শতাংশ নাগরিক জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী সদস্য-সংক্রান্ত প্রস্তাবের বিপক্ষে। আর ৪৫ শতাংশ মার্কিন এবং ৫৬ শতাংশ ফিলিপাইনের নাগরিক ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। এই প্রস্তাবের পক্ষে সবচেয়ে কম সমর্থন রয়েছে ভারতে। সেখানকার ৩১ শতাংশ পক্ষে এবং ২৫ শতাংশ বিপক্ষে। তবে অনেকেই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। প্রস্তাবের পক্ষে সবচেয়ে বেশি সমর্থন মিসরে। সেখানকার ৯০ শতাংশ পক্ষে আর মাত্র নয় শতাংশ বিপক্ষে। এ ছাড়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ তুরস্কে ৬০ শতাংশ পক্ষে, ১৯ শতাংশ বিপক্ষে, পাকিস্তানে ৫২ শতাংশ পক্ষে, ১২ শতাংশ বিপক্ষে এবং ইন্দোনেশিয়ায় ৫১ শতাংশ পক্ষে, ১৬ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর পাশাপাশি অধিকাংশ চীনা ওই প্রস্তাবের পক্ষে। চীনের ৫৬ শতাংশ পক্ষে এবং মাত্র নয় শতাংশ বিপক্ষে মত দিয়েছেন। অন্যদিকে ফ্রান্সে পক্ষে ৫৪ শতাংশ, বিপক্ষে ২০ শতাংশ, জার্মানিতে পক্ষে ৫৩ শতাংশ, বিপক্ষে ২৮ শতাংশ এবং যুক্তরাজ্যে পক্ষে ৫৩ শতাংশ ও বিপক্ষে ২৬ শতাংশ মত দিয়েছেন। এ ছাড়া জরিপের ফল অনুযায়ী, যেসব দেশে বিরোধী দল শক্তিশালী, সেসব দেশেও ফিলিস্তিনের ওই পদক্ষেপের পক্ষের সমর্থকই বেশি।ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘের স্থায়ী সদস্যপদ লাভের উদ্যোগ নিলেও যুক্তরাষ্ট্র বলেছে, তারা ওই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবে। দেশটি বলেছে, একমাত্র সরাসরি আলোচনার মাধ্যমেই কেবল ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব। বিবিসি।