যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়ে ভোট গ্রহণের আর দুই সপ্তাহের কম সময় বাকি। তবে স্বাধীনতাপন্থীরা ভোটের ব্যাপারে যতটা মাথা ঘামাচ্ছেন, ততটাই চিন্তিত সম্ভাব্য স্বাধীন স্কটল্যান্ডের মুদ্রা নিয়ে। এ ছাড়া স্বাস্থ্যসেবার সুযোগ, জীবনযাত্রার ব্যয় ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার বিষয়গুলো ভোটারদের মতামতকে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে।
এ মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় গণভোটের মাধ্যমে স্কটল্যান্ড যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হলে দেশটিতে মুদ্রা হিসেবে এখনকার মতো পাউন্ডই রাখা হবে কি না। এই প্রশ্নে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাধীনতাপন্থীদের প্রচারণা। স্বাধীনতার বিপক্ষের অনেকেই স্কটল্যান্ড স্বাধীন হলে পাউন্ডকে তাঁদের মুদ্রা রাখতে দেওয়ার বিরোধী। তবে দেশটির ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স সালমন্ড জানিয়েছেন, স্কটল্যান্ডের মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দিলে তাঁরা যুক্তরাজ্যের সঙ্গে মুদ্রাব্যবস্থা নিয়ে আবার আলোচনা করবেন। আর অনানুষ্ঠানিকভাবে পাউন্ড ব্যবহার করা হলে যুক্তরাজ্যের করার কিছু নেই।
সম্প্রতি টেলিভিশন বিতর্কে স্কটল্যান্ডের ভবিষ্যৎ মুদ্রা নিয়ে অনিশ্চয়তার বিষয়ে স্বাধীনতার পক্ষে আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স সালমন্ডের সঙ্গে যুক্তরাজ্যের অখণ্ডতাপন্থী সাবেক অর্থমন্ত্রী অ্যালিস্টেয়ার ডারলিংয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ওই বিতর্কে সালমন্ড একরকম পরাজিতই হন।
এ পর্যন্ত সব বড় জনমত সমীক্ষায়ই স্কটল্যান্ডের স্বাধীনতাপন্থীরা পিছিয়ে ছিল। সর্বশেষ জরিপে তারা ব্যবধান এত কমিয়ে আনতে সক্ষম হলো। ফার্স্ট মিনিস্টার সালমন্ড এখনো সিদ্ধান্ত না নেওয়া ভোটারদের নিজ দলে টানার চেষ্টা করছেন।
ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স সালমন্ডের নেতৃত্বে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) স্কটল্যান্ডের প্রভাবশালী দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। দলটির জন্মই হয়েছিল স্কটিশদের জন্য স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে।
স্বাস্থ্যসেবা নিয়ে বিতর্ক: অ্যালেক্স সালমন্ডের মতে, স্কটল্যান্ড যুক্তরাজ্যের সঙ্গে থেকে গেলে সরকারি অর্থে পরিচালিত বিনা মূল্যের স্বাস্থ্যসেবা ঝুঁকির মুখে পড়বে। স্বাধীন স্কটল্যান্ডের সংবিধানের মাধ্যমে জনগণের জন্য বিনা মূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে। এসএনপির নেতৃত্বাধীন স্কটল্যান্ডের বর্তমান পার্লামেন্ট স্বাস্থ্যবিষয়ক নীতি নির্ধারণ করে থাকে। কিন্তু বর্তমানে স্কটল্যান্ডের স্বাস্থ্যসেবার বাজেট নির্ধারণ করে দেয় লন্ডনের রাজনীতিকেরা।
সম্প্রতি এক বক্তৃতায় সালমন্ড বলেন, বর্তমান অবস্থায় থাকা হলে স্কটল্যান্ডে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া কঠিন হবে।
যুক্তরাজ্যের তিনটি কেন্দ্রীয় বড় দলই স্কটল্যান্ডের বিচ্ছিন্ন হওয়ার বিরুদ্ধে একজোট হয়েছে। স্বাধীন হওয়ায় জীবনযাত্রার খরচ বাড়া এবং আন্তর্জাতিক মঞ্চে মর্যাদা ও প্রভাব কমে যাওয়ার যুক্তি তুলে ওই দলগুলো স্কটিশদের মধ্যে প্রচারণা চালাচ্ছে।
বিশেষজ্ঞদের হিসাবে, যুক্তরাজ্যের জিডিপির ১০ ভাগের ১ ভাগ আসে তেলসমৃদ্ধ স্কটল্যান্ড থেকে। স্বাধীনতার বিপক্ষের লোকদের ভয়, স্কটল্যান্ডের বিচ্ছিন্নতা উভয় পক্ষকেই দুর্বল করবে।