স্বাধীনতা আমাদের অধিকার: সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, প্রতিটি মানুষের সত্যিকার অর্থে স্বাধীনভাবে জীবন যাপনের অধিকার রয়েছে। আমরা সেই অধিকারের পক্ষে। অন্য কথায়, স্বাধীনতা আমাদের আবেগ।বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সু চি এ কথা বলেন। মিয়ানমারে গোপনে এই সাক্ষাতকার রেকর্ড করা হয়। আগামী মঙ্গলবার এবং ৫ জুলাই বিবিসি রেডিও-৪ এ এই সাক্ষাৎকার সম্প্রচার করা হবে। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সু চি। সাক্ষাতকারে সামরিক জান্তার বিরুদ্ধে তাঁর প্রায় ২১ বছর ধরে চালিয়ে যাওয়া আন্দোলন-সংগ্রামের কথা বর্ণনা করেছেন তিনি। সেখানে মিয়ানমারের জনগণের মুক্তির মেনিফেস্টো তুলে ধরেন সু চি। সাক্ষাৎকারে সু চিকে প্রশ্ন করা হয়, নিজেকে উৎসর্গ করে গণতন্ত্রের পক্ষে আপনার এমন অবস্থান নেওয়ার কারণ কী? জবাবে তিনি বলেন, ভিন্নমতাবলম্বীদের মৌলিক কাজ সম্পর্কে চেক ভিন্নমতাবলম্বী নেতা ভাকলাভ হাভেলসের কথা মনে করুন। প্রতিটি মানুষের মুক্ত জীবন যাপনের অধিকার রয়েছে। সেই অধিকার রক্ষায় আমরা নিজেদের উৎসর্গ করা চাই। সু চি বলেন, গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর আমাকে যখন প্রশ্ন করা হতো কেমন লাগছে, আমি বলতাম আলাদা কোনো অনুভূতি হচ্ছে না। কারণ, মানসিক দিক থেকে সব সময়ই আমি মুক্ত থাকি। আমি প্রায়ই বলি মানসিকভাবে মুক্ত থাকার বিষয়টি আসে মানুষের বিবেক থেকে। এটাই মানুষকে মৌলিক স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে উদ্বুদ্ধ করবে।গৃহবন্দিত্বের সময় বিবিসির অনুষ্ঠান শুনতেন: সু চি গৃহবন্দী থাকার সময় ‘হেইরি কর্নফ্ল্যাক’ নামে পরিচিত ব্রিটিশ রেডিও জকি ডেভ লি ট্র্যাভিসের সঞ্চালনায় সংগীতের অনুষ্ঠান শুনে সময় কাটাতেন। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে এই অনুষ্ঠান প্রচার করা হতো। রেডিও টাইমস ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে সু চি বলেন, ‘শুধু ধ্রুপদী সংগীত নয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠানও শুনতাম আমি। আমি ঠিক মনে করতে পারছি না... অনুষ্ঠানটির নাম... ডেভ ট্রাভিস? এটাই কি?’ এ সময় তাঁকে ডেভ লি ট্রাভিসের নাম স্মরণ করিয়ে দেওয়া হলে তিনি বলেন, ‘হ্যাঁ, বিভিন্ন ধরনের সংগীত নিয়ে তিনি একটি অনুষ্ঠান করতেন, তাই না?’ সু চি বলেন, ‘আমি আগ্রহ নিয়ে ওই অনুষ্ঠান শুনতাম। ওই অনুষ্ঠানের মাধ্যমে অন্য মানুষের কথা শুনতে পেতাম।’বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ২০০১ সাল পর্যন্ত ২০ বছর ওই অনুষ্ঠান করেন সাবেক রেডিও জকি ট্রাভিস। তিনি বলেন, ‘সু চি ওই অনুষ্ঠানের কথা মনে রেখেছেন, তাতে আমি বিস্মিত নই। এক সময় একক অনুষ্ঠান হিসেবে ওয়ার্ল্ড সার্ভিসের এই অনুষ্ঠানেই শ্রোতাদের সবচেয়ে বেশি চিঠি আসত।’ এএফপি, গার্ডিয়ান।