স্বাধীনতা চাইল না স্কটল্যান্ড
যুক্তরাজ্যে থেকে যাওয়ার পক্ষেই রায় দিল স্কটল্যান্ডের মানুষ। স্বাধীনতার প্রশ্নে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটে ‘না’ পক্ষই সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছে। তবে প্রদত্ত মোট ভোটের প্রায় অর্ধেক স্বাধীনতার পক্ষে পড়ায় যুক্তরাজ্যের সঙ্গে তিন শতাব্দীর পুরোনো বন্ধন বড় একটা ধাক্কা খেয়েছে। খবর বিবিসি ও এএফপির।
স্কটল্যান্ডের ৩২টি স্থানীয় কাউন্সিল এলাকার সবগুলো থেকে শুক্রবার সকালের মধ্যে পাওয়া ভোটের ফলে দেখা যায়, স্বাধীনতার প্রশ্নে ‘না’-এর পক্ষে ভোট পড়ে ২০ লাখ এক হাজার ৯২৬টি। বিপরীতে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট পড়ে ১৬ লাখ ১৭ হাজার ৯৮৯টি। শতকরা হারের দিক থেকে ‘না’ ভোট পড়ে ৫৫ দশমিক ৪২ ভাগ, আর ‘হ্যাঁ’ ভোট ৪৪ দশমিক ৫৮ ভাগ। ভোট প্রদানের হার প্রায় ৮৫ শতাংশ।
গণভোটের রায় মেনে নিয়ে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও স্বাধীনতা আন্দোলনের নেতা অ্যালেক্স স্যামন্ড জাতীয় ঐক্যের আহ্বান জানান।
ফলাফল প্রকাশের পর উচ্ছ্বসিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর প্রতিক্রিয়ায় জানান, যুক্তরাজ্য অখণ্ড থেকে যাচ্ছে, তা জেনে তিনি উৎফুল্ল। স্কটল্যান্ডকে আরও ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতির প্রতি সম্মান জানানো হবে। প্রতিশ্রুতি যাতে পুরোপুরি রক্ষা হয়, তা নিশ্চিত করা হবে।
স্কটল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ায় প্রধানমন্ত্রী ক্যামেরনের মতোই আনন্দ প্রকাশ করেন ওয়েলসের ফার্স্ট মিনিস্টার কারউইন জোনস ও উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার পিটার রবিনসন। ‘না’ ভোট জয়ী হওয়ার পর চাঙা হয়ে উঠেছে যুক্তরাজ্যের শেয়ারবাজারও। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ব্যবসা ও শিল্প খাত।