স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৭ সালে দুর্ঘটনাবশত বন্দুকের গুলিতে ঠোঁট, নাক ও দাঁত হারিয়েছিলেন রিচার্ড লি নোরিস (৩৭)। তাঁর মুখ গিয়েছিল তুবড়ে। চেহারা এমনই বীভৎস হয়ে গিয়েছিল যে সামনাসামনি দেখলে যে কেউ আঁতকে উঠত। এ কারণে এত দিন প্রায় লোকচক্ষুর অন্তরালে বাস করতেন তিনি। আধুনিক চিকিৎসার দৌলতে সেই নোরিস ফিরে পেয়েছেন স্বাভাবিক চেহারা। আর এ কৃতিত্বের দাবিদার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টার।ওই দুর্ঘটনার পর বেশ কয়েকবার শল্যচিকিৎসকদের ছুরির তলে গেছেন নোরিস। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। তাঁর মুখমণ্ডলের নিচের অংশ ও নাক দলা পাকানো মণ্ডের মতো হয়ে গিয়েছিল। অবশেষে এগিয়ে আসেন মেরিল্যান্ড মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞরা। ১৯ থেকে ২০ মার্চ নোরিসের মুখে তাঁরা ৩৬ ঘণ্টার এক দীর্ঘ অস্ত্রোপচার করেন। তবে ধাপে ধাপে তাঁর সম্পূর্ণ অস্ত্রোপচারে মোট সময় লাগে ৭২ ঘণ্টা। বিশেষজ্ঞরা বলছেন, এ পর্যন্ত মুখ প্রতিস্থাপনের এটাই সবচেয়ে জটিল অস্ত্রোপচার। মেরিল্যান্ড মেডিকেল সেন্টার এক বিবৃতিতে বলেছে, ‘মুখজুড়ে প্রতিস্থাপনের ঘটনা এটাই প্রথম। চোয়াল, দাঁত এমনকি জিহ্বাও প্রতিস্থাপন করা হয়েছে।’চিকিৎসক দল জানিয়েছে, অস্ত্রোপচারের পর নোরিস এখন দাঁত মাজছেন, দাড়ি কামাচ্ছেন। ফিরে পেয়েছেন তাঁর ঘ্রাণশক্তিও।হতভাগ্য এ মানুষটি গত ১৫ বছর নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন। কৌতূহলী মানুষের বিড়ম্বনা এড়াতে সব সময় বিশেষ ধরনের মুখোশ পরে থাকতেন। কেনাকাটা করতেন রাতে। এ জটিল চিকিৎসার ব্যয়ভার বহন করেছে মার্কিন নৌবাহিনী। তাদের প্রত্যাশা, ইরাক ও আফগানিস্তান যুদ্ধে আহত মার্কিন সেনাদের ক্ষেত্রেও এ চিকিৎসা কাজে লাগবে। বিশ্বে প্রথম সম্পূর্ণ মুখমণ্ডল প্রতিস্থাপন করা হয় স্পেনে। ২০১০ সালের জুলাইয়ে বার্সেলোনার ভল ডিহেবরন হাসপাতালে ওই অস্ত্রোপচার করা হয়। তবে প্রথমবারের মতো সফল আংশিক প্রতিস্থাপন হয় ২০০৫ সালে ফ্রান্সে। এএফপি ও বিবিসি।