স্বাভাবিক হচ্ছে ব্যাংকক, বেড়েছে রাত্রিকালীন কারফিউর মেয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী বিক্ষোভ দমনের পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পরিস্থিতি আবার স্বাভাবিক হচ্ছে। ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। কর্মজীবীরা অফিস-আদালতে যাওয়া শুরু করেছেন। কোলাহল বেড়েছে রাস্তায়। খুলে দেওয়া হয়েছে বিদেশি দূতাবাসগুলো। ময়লা-আবর্জনা অপসারণ করে আবার ঝকঝকে হতে শুরু করেছে এই নগর।থাই সরকারের অভিযোগ, সাম্প্রতিক রক্তক্ষয়ী সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা জড়িত। তাঁর উসকানিতেই লাল শার্ট পরা বিক্ষোভকারীরা সরকারবিরোধী আন্দোলন করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে থাকসিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কি না—সে বিষয়ে আজ মঙ্গলবার আদেশ দেবেন ব্যাংককের একটি আদালত। এদিকে ব্যাংককসহ ২৫টি প্রদেশে রাত্রিকালীন কারিফিউর মেয়াদ আরও সাত দিনের জন্য বাড়ানো হয়েছে। ফের সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় গতকাল এ ঘোষণা দেওয়া হয়। এ ব্যাপারে সেনা মুখপাত্র সানসার্ন কায়িকামনার্দ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের কাছে খবর আছে, কিছু গোষ্ঠী ও কেউ কেউ এখনো কিছু এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।’ সরকার পতন ও নতুন নির্বাচনের দাবিতে লাল শার্ট পরা বিক্ষোভকারীদের আন্দোলনে মধ্য মার্চ থেকে উত্তাল হয়ে ওঠে ব্যাংকক। ব্যাংককের কেন্দ্রস্থলে টানা ছয় সপ্তাহ ধরে অবস্থান করে তারা বিক্ষোভ করতে থাকে। এ সময় নিরাপত্তাকর্মী ও সরকার সমর্থকদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ৮৮ জন নিহত এবং প্রায় দুই হাজার লোক আহত হয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে গত বুধবার সর্বাত্মক সেনা অভিযান চালানো হয়। পাশাপাশি ব্যাংককসহ বিভিন্ন প্রদেশে কারফিউ জারি করা হয়। বিক্ষোভকারীদের একটি অংশ ব্যাংককে ব্যাপক লুটপাট চালায় এবং অন্তত ২০টি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। এ দিন সেনা অভিযানে ইতালির এক সাংবাদিকসহ ছয়জন নিহত হন। পরে বিক্ষোভকারীদের কয়েকজন নেতার আত্মসমর্পণের মধ্য দিয়ে সহিংস এ আন্দোলনের অবসান ঘটে।বিক্ষোভ দমনের পর ব্যাংকক ও ব্যাংককের শহরতলিতে টানা কয়েক দিনের পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এতে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেয়। তাদের মধ্যে বিদেশিরাও ছিল।অস্ট্রেলিয়া ও জাপানের দূতাবাস ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ খুলে দেওয়া হবে। ব্রিটিশ দূতাবাসের গণসংযোগ কর্মকর্তা কিম ক্লার্ক বলেছেন, ‘ব্যাংকক অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। এ সপ্তাহের মধ্যেই আমরা আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছি।’ থাইল্যান্ডের বিশেষ তদন্ত বিভাগের (ডিএসআই) প্রধান থারিথ পেংদিত বলেছেন, লাল শার্ট পরা বিক্ষোভকারীদের সঙ্গে থাকসিনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব তথ্য-প্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিক্ষোভের সঙ্গে থাকসিনের জড়িত থাকার ব্যাপারে আদালত ডিএসআইয়ের তিনজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছেন। বিক্ষোভে থাকসিনের সংশ্লিষ্টতাসংক্রান্ত তথ্য-প্রমাণ আদালতের কাছে জমা দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, থাইল্যান্ডে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ডাদেশের বিধান রয়েছে। এএফপি, জি নিউজ ও রয়টার্স।