স্বামীকে চমকপ্রদ ও নিষ্পাপ বললেন পোলানস্কির স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কির স্ত্রী এমানুয়েলে সেগনার তাঁর স্বামীকে চমকপ্রদ মানুষ হিসেবে অভিহিত করেছেন। শুধু তা-ই নয়, স্বামীকে নিষ্পাপ হিসেবেও বর্ণনা করেছেন তিনি। ইলে ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে এমানুয়েলে এসব কথা বলেন।দুই সন্তানের জনক রোমান পোলানস্কি (৭৬) বর্তমানে সুইজারল্যান্ডে গৃহবন্দী অবস্থায় আছেন। ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী এক বালিকাকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে তিনি যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে ফ্রান্সে চলে যান।গত সেপ্টেম্বরে একটি চলচ্চিত্র উত্সবে যোগ দিতে যাওয়ার সময় রোমান পোলানস্কিকে সুইজারল্যান্ডে গ্রেপ্তার করা হয়। ১৯৭৭ সালের ওই মামলায় আদালতের মুখোমুখি করতে তাঁকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে সুইজারল্যান্ডের প্রতি অনুরোধ জানানো হয়েছে।এমানুয়েলে সেগনার জানান, সত্তরের দশকে যখন ওই অপরাধ সংঘটিত হয়েছিল, তখন যৌনতা ও মাদককে ভিন্ন আলোয় দেখা হতো। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, রোমান একজন চমকপ্রদ স্বামী ও মানুষ। তিনি একজন নিষ্পাপ মানুষ।’ পোলানস্কির স্ত্রী বলেন, ‘আমার স্বামী কখনো ভাবতেন না, তিনি আইনের ঊর্ধ্বে।’এমানুয়েলে সেগনার আরও বলেন, সত্তরের দশক ছিল এক অন্য ধরনের সময়। তখন মাদক, যৌনতা ইত্যাদি বিষয়কে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা হতো।সাক্ষাত্কারে স্বামীর গ্রেপ্তারের পর নিজের ব্যক্তিগত বিভীষিকার কথাও বর্ণনা করেছেন এমানুয়েল সেগনার। তিনি জানান, তাঁর মনে হচ্ছে, তিনি এলিস ইন দি ওয়ান্ডারল্যান্ডের এলিসের মতো কুয়ায় পড়ে যাচ্ছেন।উল্লেখ্য, পোলানস্কিকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর অনুরোধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সুইজারল্যান্ড। সূত্র: টেলিগ্রাফ।