স্বামীর হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হতে আসমা আসাদের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরীয় জনগণের ওপর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এখনই সোচ্চার হতে তাঁর স্ত্রী আসমা আল-আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত জার্মান ও ব্রিটিশ রাষ্ট্রদূতের স্ত্রীরা। গতকাল বুধবার তাঁরা এ আহ্বান জানিয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন।ওই ভিডিওবার্তায় নীরব দর্শকের ভূমিকা বাদ দিয়ে জনগণের কল্যাণের কথা চিন্তা করে ঝুঁকি নিয়ে শান্তির পক্ষে অবস্থান নেওয়ার জন্য আসমা আসাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। জার্মান রাষ্ট্রদূত পিটার উইটিগের স্ত্রী হাবার্টা ভন ভস-উইটিগ এবং ব্রিটিশ রাষ্ট্রদূত মার্ক লিয়াল গ্র্যান্টের স্ত্রী শেইলা লিয়াল গ্র্যান্ট ওই ভিডিওবার্তার পাশাপাশি একটি চিঠিও প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, একজন নারী, মা, নারীর সমতা আন্দোলনের তুখোড় নেত্রী এবং সাবেক সরব আরব নারীনেত্রী হিসেবে আসমা আসাদ এখন ‘স্বামীর ছায়াতলে নিজেকে লুকিয়ে রাখতে পারেন না’।চলমান সহিংসতার শিকার অনেক নারী ঝুঁকি নিয়েই সোচ্চার হয়েছে এবং স্বাধীনতার জন্য জেগে উঠেছে উল্লেখ করে আরও বলা হয়, ‘জনসমক্ষে তাঁর কথা বলা দরকার। আমরা আসমা আসাদকেও ঝুঁকি নেওয়ার আহ্বান জানাচ্ছি। খোলামেলাভাবে বলতে বলছি: রক্তপাত বন্ধ করো, এটা এখনই বন্ধ করো।’ভিডিওবার্তায় ৩৬ বছর বয়স্ক ব্রিটিশ বংশোদ্ভূত আসমা আল-আসাদের আড়ম্বরপূর্ণ ছবির পাশাপাশি সিরিয়ায় সহিংস ঘটনা এবং সহিংসতার শিকার হয়ে হতাহত শিশুসহ বিভিন্ন মানুষের ছবি দেখানো হয়। ইউটিউবে ওই ভিডিওবার্তাটি পোস্ট করার পর হাজারো দর্শকের সাড়া মিলেছে।গত বছরের মার্চে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরুর আগে আসাদ দম্পতিকে তিন সন্তানসহকারে রাজধানী দামেস্কর রাস্তায় সাইকেলে করেও ঘুরতে দেখা যেত। অন্য আরব নেতাদের মতো বিলাসবহুল বাড়ির পরিবর্তে তাঁরা বাস করেন দামেস্কের একটি অ্যাপার্টমেন্টে। প্রায় চার দশক ধরে সিরিয়া শাসন করে আসা আসাদ পরিবারের ভাবমূর্তি উজ্জ্বল করতে আসমার অনস্বীকার্য ভূমিকা রয়েছে বলে ভাবা হয়। তাঁকে নিয়ে ফ্যাশনবিষয়ক বিখ্যাত সাময়িকী ভোগ ও যুক্তরাজ্যের শীর্ষ ট্যাবলয়েড দ্য সানসহ বিশ্ব গণমাধ্যমে ব্যাপক লেখালেখি হয়েছে।‘সিরিয়া অস্ত্রবিরতি শ্রদ্ধা করে চলবে’: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেম চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিইচির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁরা জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত কফি আনানের অস্ত্রবিরতি পরিকল্পনাকে শ্রদ্ধা করে চলবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল এ কথা জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মোয়াল্লেম বলেছেন, দামেস্ক কফি আনানের ছয় দফা প্রস্তাবকে শ্রদ্ধা করবে এবং বাস্তবায়ন করবে। এ ছাড়া চলমান অস্ত্রবিরতির প্রতি দামেস্ক প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, সেনা প্রত্যাহার করা হবে এবং জাতিসংঘের পর্যবেক্ষকদের সহযোগিতা করা হবে।পররাষ্ট্রমন্ত্রী মোয়াল্লেম বর্তমানে সংক্ষিপ্ত সফরে বেইজিংয়ে রয়েছেন। এএফপি ও ফক্স নিউজ।