স্বার্থ বিসর্জন দিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি নয়: মমতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘রাজ্য সরকারের সম্মতি ছাড়া কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে ভূমি দিয়ে দেওয়ার যে প্রস্তাব করেছে, তা মেনে নেওয়া কষ্টকর। এ চুক্তি হলে পশ্চিমবঙ্গ পাবে মাত্র সাত হাজার একর ভূমি। বিনিময়ে বাংলাদেশকে দিতে হবে ১৭ হাজার একর ভূমি। বাংলাদেশের সঙ্গে আমরা অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু সেটা পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে নয়।’গত শনিবার রাতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা তাঁর ফেসবুকে এক বার্তায় জানান, বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গত দুই বছরে অনেকবার কথা বলেছেন। বর্তমান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, চুক্তি করতে হলে যে ভূমি বিনিময় করা হবে, সেই ভূমিতে বসবাসকারীদের মতামত নেওয়া প্রয়োজন। তাঁদের সম্মতি ছাড়া কোনো চুক্তি গ্রহণযোগ্য নয়।মুখ্যমন্ত্রী মমতা তিস্তা চুক্তির বিষয়টিও উল্লেখ করেন। তিনি লিখেছেন, ওই চুক্তির খসড়া যখন হয় তখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একরকম কথা বলা হয়েছিল। পরে প্রস্তাবিত চূড়ান্ত খসড়ায় দেখা গেল, সরকারের আগের কথা পুরোপুরি পাল্টে গেছে। তৃণমূল নেত্রী প্রশ্ন তোলেন, ‘রাজ্য সরকারের সম্মতি ছাড়াই আমাদের ভূমি ও পানি দিয়ে দেওয়ার জন্য সরকারের এত তাড়া কিসের?’ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগও করেন মমতা। ২০১১ সালে তিনি সরকার গঠনের পর স্থলসীমান্ত চুক্তির খসড়ায় সম্মতি দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। কয়েক দিন আগে সেই সম্মতিপত্র প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারই ওই সম্মতিপত্র গণমাধ্যমে ফাঁস করে দিয়েছে।দেশের এবং দেশের মানুষের সার্বিক স্বার্থ বিবেচনায় নিয়ে রাষ্ট্রের ‘যুক্তরাষ্ট্রীয় কাঠোমো’ সঠিকভাবে অনুসরণ করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান মমতা। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তিসহ সীমান্ত ও ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদনের উদ্যোগ নেয় দুই দেশ। কিন্তু সফরের মাত্র দিন তিনেক আগে মমতা এ চুক্তি নিয়ে আপত্তি তুলে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় যাননি। ফলে মমতার আপত্তিতে ঢাকায় সেই চুক্তি আর সম্পাদন হয়নি। স্থগিত হয় চুক্তি সম্পাদনের যাবতীয় প্রক্রিয়া। তবে সে সময় এ-সংক্রান্ত প্রটোকল সই হয়েছিল।
এর পরে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এ চুক্তি সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যে পৌঁছার চেষ্টা চালান। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রথম পর্যায়ে এ চুক্তি সম্পাদনের পক্ষে সায় দিলেও পরে বেঁকে বসে। মমতাও একই পথ ধরেন। সর্বশেষ গত বুধবার সালমান খুরশিদ আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় বিল উত্থাপন করতে চাইলে বাধা দেন মমতার তৃণমূল কংগ্রেসের সাংসদেরা। এ নিয়ে তিন-তিনবার এ বিল উত্থাপনের চেষ্টা ব্যর্থ হয়। ফলে অনিশ্চিত হয়ে পড়ে সীমান্ত ও ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদনের প্রক্রিয়া।
প্রসঙ্গত, স্থলসীমান্ত চুক্তি সম্পাদনের জন্য ভারতের সংবিধান সংশোধন প্রয়োজন। এ-সংক্রান্ত বিল পাস করাতে গেলে সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যদের সমর্থন প্রয়োজন। কিন্তু বিজেপি ছাড়া সেই সমর্থন জোগাড় করা সরকারের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে।
গত শনিবার বিজেপির কেন্দ্রীয় নেত্রী ও লোকসভার বিরোধীদলীয় নেত্রী সুষমা স্বরাজ জানিয়ে দেন, স্থলসীমান্ত চুক্তির জন্য সংবিধান সংশোধনী বিল তাঁরা রাজ্যসভায় পেশ করতে বা পাস হতে দেবেন না।