স্বার্থ হাসিলে তদবিরকারী নিয়োগ মোশাররফের!
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ যুক্তরাষ্ট্রে তাঁর স্বার্থ হাসিলে তদবিরকারী নিয়োগ করেছেন। এ জন্য প্রতি মাসে ২৫ হাজার ডলার করে দিচ্ছেন তাদের। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (এফএআরএ) নথি থেকে এ তথ্য জানা যায়। তদবিরকারী প্রতিষ্ঠানটির নাম অ্যাডভানটেজ অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল। এটি টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান বিল সারপালিয়াসের মালিকানাধীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সবাই সাবেক কংগ্রেসম্যান বলে জানা গেছে।নথির তথ্য অনুযায়ী, তদবিরকারী প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে মোশাররফের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মার্কিন কর্মকর্তা, সিনেটর ও কংগ্রেসম্যানদের সঙ্গে আলোচনা ও তদবির করবে। এফএআরএর ওই নথির নিবন্ধন নম্বর হচ্ছে ছয় হাজার ৬২। এতে মোশাররফকে ‘পাকিস্তানসহ সারা বিশ্বের রাজনৈতিক ও পাবলিক ফিগার’ বলে উল্লেখ করা হয়েছে। দুই পক্ষের তদবিরবিষয়ক চুক্তি কার্যকর থাকার মেয়াদ গত ১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ২০ মার্চ পর্যন্ত। চুক্তি অনুযায়ী মোশাররফ ওই তদবিরকারী প্রতিষ্ঠানকে এক লাখ ৭৫ হাজার ডলার দেবেন।মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, তদবিরকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে মোশাররফের পক্ষে তাঁর প্রতিনিধি রাজা বোখারি সই করেন।‘পাকিস্তানবিরোধী আফগানিস্তান গড়তে চায় ভারত’: মোশাররফ বলেছেন, ভারত দক্ষিণ এশিয়ায় তার রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারের পথ সুগম করতে পাকিস্তানবিরোধী আফগানিস্তান গড়ে তুলতে চায়। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আটলান্টিক মিডিয়া করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মোশাররফ বলেন, আফগানিস্তান তার গোয়েন্দা সংস্থার সদস্য, কূটনীতিক ও সেনাদের ভারতে পাঠাচ্ছে। সেখানে তাদের পাকিস্তানবিরোধী মন্ত্রে উদ্বুদ্ধ করে তোলা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে ভারতকে অবশ্যই বিরত থাকতে হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সজাগ থাকা উচিত।পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে প্রতিনিধিত্ব নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব চলছে। ভারত সেখানে পাকিস্তানবিরোধী মনোভাব গড়ে তোলার চেষ্টা করছে। ভারতের লক্ষ্য হচ্ছে, পাকিস্তানকে দুর্বল করে দেওয়া। টাইমস অব ইন্ডিয়া, এএফপি।