সিরিয়ায় আন্দোলন-বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে পশ্চিমা বিশ্বকে অবাক করে দিয়েছে রাশিয়া। সিরিয়ার অজনপ্রিয় নেতাকে সমর্থন দিয়ে একলা হতে থাকা রাশিয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।বিশ্লেষকেরা বলছেন, সিরিয়া প্রশ্নে রাশিয়া একটি নিরাপদ অবস্থান নিতে চাইছে; যাতে করে সিরিয়ার সঙ্গে তাদের সম্পর্কও নষ্ট হবে না, আবার সিরিয়ার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা বা সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ কমে যাবে বিশ্বশক্তিগুলোর।সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী আন্দোলন-বিক্ষোভ শুরুর পর থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিত্র এই দেশটির শাসকপক্ষকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। কিন্তু দেশটিতে সহিংসতা ও হতাহতের সংখ্যা বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে চাপের মুখে আছে রাশিয়া।এমন একটি পরিস্থিতিতে বৃহস্পতিবার ছোট একটি পদক্ষেপ নিয়েছে রাশিয়া, যদিও রাশিয়ার এমন পদক্ষেপও অবাক হওয়ার মতো। সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তারা একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে। এতে সিরিয়ায় আন্দোলনকারীদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে তা বন্ধে সিরীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।বিশ্লেষকেরা বলছেন, রাশিয়া বিশ্বের কাছে নিজেদের আসাদ থেকে বিচ্ছিন্ন দেখাতে চাইছে।রাশিয়া ইন গ্লোবাল অ্যাফেয়ার্স সাময়িকীর সম্পাদক ফিয়োদর লুকিয়ানভ বলেন, ‘পুরোপুরিভাবে সিরিয়ার শাসকদের পক্ষ নেওয়া অসম্ভব। কেননা, আরব বিশ্বের সব দেশসহ সবাই এখন তাদের বিরোধী। এ জন্য রাশিয়া তাদের অবস্থান পরিবর্তন করছে।’লুকিয়ানভ আরও বলেন, ‘রাশিয়া এটা দেখাতে চাইছে যে তারা সিরিয়ার সমস্যার একটা সমাধান চায়, কিন্তু তাই বলে আসাদের রক্ষাকর্তা নয়।’সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ার বিরোধীদের নিয়ে আলোচনা করেছে রাশিয়া। কিন্তু আসাদকে পদত্যাগের দাবি জানালে তাদের আবার তিরস্কারও করেছে। রাশিয়ার কূটনীতিকেরা বিভিন্ন সময় বলে এসেছেন, সিরিয়ায় সহিংসতা ও হতাহতের জন্য বিরোধীরাও সমানভাবে দায়ী।বিরোধীদের ওপর দমন-পীড়নের নিন্দা জানিয়ে সিরিয়া সরকারের বিরুদ্ধে গত অক্টোবরে একটি প্রস্তাব গ্রহণের উদ্যোগ নিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পশ্চিমা রাষ্ট্রগুলো। কিন্তু রাশিয়া ও চীন তখন ওই প্রস্তাবে ভেটো দিয়ে বলে, এ ধরনের প্রস্তাব একপক্ষীয়।রাশিয়ার গত বৃহস্পতিবারের খসড়া প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মনে করছে পশ্চিমারা। তারা বলছে, ওই প্রস্তাবে সিরিয়ার সাম্প্রতিক সমস্যার জন্য সে দেশের সরকার ও বিরোধীদের সমানভাবে দায়ী করা হয়েছে।রাশিয়ার এই নতুন প্রস্তাব দেওয়ার সবচেয়ে কাছাকাছি কারণ সম্ভবত গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশনপ্রধানের প্রতিবেদন। মানবাধিকার কমিশনপ্রধান নাভি পিল্লাইয়ের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় গত নয় মাসের বিক্ষোভে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে এবং সেখানে মানবতাবিরোধী অপরাধ ঘটেই চলেছে।জাতিসংঘে ফরাসি দূত জেরার্দ অ্যারউদ বলেন, ‘আমাদের মনে হচ্ছে, বিশেষ করে নাভি পিল্লাইয়ের ওই প্রতিবেদনের পর রাশিয়া নিজেদের ওপর চাপ অনুভব করছে। সেজন্যরাশিয়া এ ধরনের প্রস্তাব দিয়েছে।’ রয়টার্স।