স্বাস্থ্যসেবা বিলের পক্ষে লড়াই চালিয়ে যাবেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অঙ্গীকার করেছেন, আমেরিকানদের জন্য লড়াই তিনি কখনো বন্ধ করবেন না। স্বাস্থ্য বিমা সংস্কারের জন্য তাঁর লড়াই অব্যাহত থাকবে। ডেমোক্রেটিক পাার্টির মনোবল ফিরিয়ে আনতে এবং ভোটারদের সঙ্গে তাঁর ক্ষয়িষ্ণু সম্পর্ক জোড়া লাগাতেই তাঁর এ বক্তব্য বলে অনেকেই মনে করছেন। গত শুক্রবার ওহিও অঙ্গরাজ্যের ক্লেভল্যান্ডে লরেন কাউন্টি কলেজে এক ভাষণে তিনি এ কথা বলেন। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে সিনেটর এডওয়ার্ড কেনেডির শূন্য আসনের উপনির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী হেরে যাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্যসেবা বিলসহ নানা কর্মসূচি। নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাট শিবিরের মনোবলেও কিছুটা ধাক্কা লেগেছে।প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘প্রত্যেক মার্কিন নাগরিককে একটি ন্যায্য ব্যবস্থা উপহার দেওয়ার লড়াই আমি কখনো ত্যাগ করব না।’ স্বাস্থ্যসেবা বিল নিয়ে পিছু হঠার কোনো লক্ষণ দেখা যায়নি ওবামার ভাষণে। মার্কিন প্রেসিডেন্ট জানান, স্বাস্থ্যসেবা বিল ও ক্রেডিট কার্ড কোম্পানির দ্বারা গ্রাহক প্রতারণা বন্ধ করা এবং ঘাটতি মোকাবিলায় তিনি লড়াই চালিয়ে যাবেন।ম্যাসাচুসেটসের উপনির্বাচনে হেরে যাওয়ায় সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ডেমোক্রেটিক পার্টি। এ কারণে হুমকির মুখে পড়েছে ওবামার স্বাস্থ্যসেবা বিল। বিলটি আটকে দেওয়ার জন্য রিপাবলিকানদের কৌশল ব্যাহত করতে সিনেটে ৬০ আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ডেমোক্র্যাটদের।প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমি যখন বিলটি গ্রহণ করেছিলাম, তখন এটা নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধা ছিল না। এর পথ সব সময় কঠিন ছিল। একটি প্রকৃত, অর্থপূর্ণ স্বাস্থ্য বিমা সংস্কারের জন্য আমি লড়াই চালিয়ে যাব।’ খবর সিএনএন ও এএফপির।