লিবিয়ার কয়েকটি গোত্র দেশটির নতুন মন্ত্রিসভাকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদুর রহিম আল-কেইব গত মঙ্গলবার রাতে তাঁর নতুন এই মন্ত্রিসভার নাম ঘোষণা করেন। গত মাসে আল-কেইবকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি)। নতুন মন্ত্রিসভায় মূলত অভিজ্ঞতার তুলনায় অঞ্চলভিত্তিক ও সাবেক বিদ্রোহী নেতাদের স্থান দেওয়া হয়েছে। কেইবের মন্ত্রিসভায় পশ্চিমাঞ্চলীয় জিনতান শহরের স্থানীয় সামরিক কমান্ডার ওসামা আল জুয়ালিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মিসরাতা শহরের অন্যতম বিদ্রোহী নেতা ফাওজি আবদেলালকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পূর্বাঞ্চলীয় দেরা শহরের আশহুর বিন হেয়াল। কূটনীতি সম্পর্কে তাঁর তেমন কোনো অভিজ্ঞতা নেই। বিশ্লেষকেরা বলছেন, লিবিয়ার রাজনৈতিক ও সামরিক শক্তিগুলোকে সফলভাবে একত্র করাই হবে নতুন এ সরকারের প্রথম পরীক্ষা। এতে সফল হতে পারলে সরকার নতুন সংবিধানে খসড়া প্রণয়ন ও লিবিয়ার ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন করতে সক্ষম হবে। আগামী জুনে এ নির্বাচন হওয়ার কথা।এক প্রত্যক্ষদর্শী গতকাল বুধবার জানান, পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে গতকাল সকালে প্রায় ১৫০ ব্যক্তি এনটিসি কার্যালয়ের বাইরে বিক্ষোভ করে। বেনগাজিভিত্তিক আওয়াগি ও মাগহারিবা উপজাতি সম্প্রদায়ের সদস্যদের নেতৃত্বে এ বিক্ষোভ হয়। তাঁরা জানান, মন্ত্রিসভায় তাঁদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। রয়টার্স।