স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শি জিনপিং , জো বাইডেন
শি জিনপিং , জো বাইডেন

পূর্ব চীন সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে চীনের ঘোষিত ‘বিমান প্রতিরক্ষা অঞ্চলকে’ স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র। গত বুধবার রাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ওয়াশিংটনের এ অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল বৃহস্পতিবার বাইডেন বলেন, চীনের বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণার বিষয়টি ‘খুবই আশঙ্কাজনক’। এর কারণে ওই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
চীনের ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ ঘোষণার পর ওই অঞ্চলে উত্তেজনার মধ্যে পূর্ব এশিয়া সফর শুরু করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এর অংশ হিসেবে চীনে যান তিনি। গত বুধবার রাতে চীনা প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি নৈশভোজে অংশ নেন। এই দুই নেতা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় স্থান পায়।
জিনপিং-বাইডেন বৈঠকের পর ব্রিফিংয়ে মার্কিন একজন কর্মকর্তা বলেন, ‘দুই নেতা ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের প্রতিটি ইস্যু নিয়ে আলোচনা করেছেন। বাইডেন বিমান প্রতিরক্ষা অঞ্চল নিয়ে ওয়াশিংটনের অবস্থান স্পষ্টভাবে জিনপিংকে জানান।
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র চীনের ‘বিমান প্রতিরক্ষা অঞ্চলকে’ স্বীকৃতি দেবে না। আর এই বিষয়টি কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা কমাতে বেইজিংকে পদক্ষেপ নিতে হবে। ওই কর্মকর্তা জানান, দুই নেতার মধ্যে বেইজিংয়ের অর্থনৈতিক সংস্কার, ইরানের পারমাণবিক কর্মসূচি ও উত্তর কোরিয়া নিয়ে আলোচনা হয়।
বাইডেন গতকাল বেইজিংয়ে মার্কিন ৬০ জন ব্যবসায়ীর সঙ্গে বৈঠকে বলেন, ‘বিমান প্রতিরক্ষা অঞ্চলের বিষয়ে আমাদের অবস্থানের কথা স্পষ্টভাবে চীনের প্রেসিডেন্টের কাছে তুলে ধরেছি। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র কী চায়, তা-ও জানিয়ে দিয়েছি।’
বাইডেন আরও বলেন, চীনের হঠাৎ ঘোষণায় ওই অঞ্চলে স্পষ্টভাবে উল্লেখযোগ্য উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে চীনের অবস্থান তুলে ধরা হয়েছে। বাইডেনকে জানানো হয়েছে, বেইজিং আন্তর্জাতিক আইন মেনেই বিমান প্রতিরক্ষা অঞ্চল গড়ে তুলেছে। চীনের এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলোর সম্মান দেখানো উচিত।
বাইডেন পূর্ব এশিয়া সফরের শুরুতে জাপানে যান। টোকিও থেকে বেইজিংয়ে যান। গতকালই বেইজিং থেকে দক্ষিণ কোরিয়ায় যান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
চীন গত ২৩ নভেম্বর পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রণে থাকা বিরোধপূর্ণ সেনকাকু বা দিয়াওউ দ্বীপপুঞ্জসহ আরও কিছু এলাকায় নিয়ে ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়।
চীনের ঘোষণার পর বেইজিংয়ের ‘নিয়ম’ না মেনেই ওই অঞ্চলে টহল দেয় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিমান। এর পাল্টা হিসেবে বেইজিংও গত শুক্রবার ওই অঞ্চলে বিমান উড়ায়। অস্ট্রেলিয়া ও তিব্বতও চীনের বিমান প্রতিরক্ষা অঞ্চল গড়ে তোলার প্রতিবাদ জানিয়েছে। এএফপি, রয়টার্স ও পিটিআই।