স্বীকৃতি পাওয়ার পর মোদির স্ত্রী হাওয়া

চুপচাপ নিভৃতে জীবন কাটাচ্ছিলেন অবসর নেওয়া স্কুলশিক্ষিকা যশোদাবেন। মনের গহনে একটাই চাওয়া ছিল তাঁর। বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি যদি একবার স্ত্রী হিসেবে তাঁকে স্বীকৃতি দিতেন!
গত বুধবার ঘটে গেল সেই কাঙ্ক্ষিত ঘটনা। মনোনয়নপত্রে স্ত্রীর জায়গায় মোদি লিখে দিলেন যশোদাবেনের নাম। অমনি পড়ে গেল সাড়া। সংবাদমাধ্যমের কর্মীরা রীতিমতো হারিকেন নিয়ে খোঁজা শুরু করলেন তাঁকে। কিন্তু যশোদাবেন কোথায়? তিনি একেবারে হাওয়া। কোথায় লুকিয়েছেন কেউ জানে না।
রব উঠেছে, সাংবাদিকদের আনাগোনা ঠেকাতে যশোদাবেন আত্মগোপন করেছেন। ঘনিষ্ঠজনদের সঙ্গে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। কারও কারও মতে, প্রায় ৪০ জন মহিলার একটি দলের সঙ্গে তিনি ‘চার ধাম’ তীর্থে গেছেন। তবে যেখানেই যান, মোদির স্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়ে তিনি যে খুশি, ঘনিষ্ঠ সূত্র তা জানিয়েছে।
মোদিকে একনজর দেখতে কয়েক মাস ধরে ভাত ছেড়ে দিয়েছিলেন যশোদাবেন। মোদি তাঁকে স্ত্রী হিসেবে স্বীকার করে নেওয়ায় এখন তিনি বেশ খুশি। এখন তাঁর একটাই চাওয়া, মোদি প্রধানমন্ত্রী হোক।
আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে যশোদাবেনের বরাত দিয়ে বলা হয়, দীর্ঘদিন আলাদা থাকার পর মোদি যে তাঁকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছেন এতেই অনেক খুশি ৬২ বছরের যশোদাবেন। তিনি চেয়েছিলেন মোদি যেন জীবনে অন্তত একবার তাঁকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেন। আর মোদি তা দিয়েছেন। এ কারণে মোদির কাছে তাঁর আর কোনোকিছু চাওয়ার নেই।
যশোদাবেন এত দিন মোদিকে নিজের স্বামী বলে দাবি করে আসছিলেন। সংবাদমাধ্যমে ছড়ানো এ খবরে রা করেননি জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদে বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদি। মুখে রীতিমতো কুলুপ এঁটেছিলেন। কিন্তু তা আর কতক্ষণ? পরিস্থিতি আর সময় মিলে ঠিকই তাঁর কণ্ঠ থেকে আদায় করে নিল স্বীকারোক্তি। গতকাল বৃহস্পতিবার একেবারে লিখিতভাবেই মোদি স্বীকার করেছেন, হ্যাঁ, যশোদাবেন তাঁর স্ত্রী। গুজরাটের বরোদা আসনে গত বুধবার মনোনয়নপত্র দাখিল করেন মোদি। সেখানে তিনি স্ত্রীর নামের জায়গায় যশোদাবেনের নাম লেখেন।
যশোদাবেনের ভাই কমলেশ মোদি বলেন, ‘যশোদাবেনের এত দিনের প্রার্থনার জবাব মিলেছে, মোদি প্রকাশ্যে তাঁকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এতে আমরা অনেক খুশি। মোদি প্রধানমন্ত্রী হোন, এখন এ প্রার্থনাই করি।’
কমলেশ বলেন, যশোদাকে ৪৫ বছর আগে ছেড়ে চলে যান মোদি। পুনরায় বিয়ের জন্য যশোদাকে কোনোভাবেই রাজি করানো যায়নি।
১৯৬৮ সালে তরুণ বয়সে যশোদাকে বিয়ে করেন মোদি। বিয়ের তিন বছর পর তাঁকে ছেড়ে চলে যান তিনি। এর পর থেকে যশোদা তাঁর ভাই কমলেশ ও অশোকের সঙ্গে উনঝা ও ব্রাহ্মণবাদা গ্রামে বাস করছেন।
যশোদার সাবেক সহকর্মী পারভিন জানান, শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর যশোদা ধর্মকর্মে ব্যস্ত ছিলেন। তিনি ভোর চারটায় ঘুম থেকে উঠে বেলা ১১টা পর্যন্ত প্রার্থনা করতেন। গ্রামে সবাই তাঁকে নরেন্দ্র মোদির স্ত্রী হিসেবেই জানে, কিন্তু যশোদা নিজে কখনো এ কথা বলেননি।