স্বেচ্ছানির্বাসন থেকে ফিরলেন মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ প্রায় চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর গতকাল রোববার দেশে ফিরেছেন। আগামী মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা রয়েছে।৬৯ বছর বয়সী সাবেক এই স্বৈরশাসক দেশে ফিরলে তাঁকে ‘দোজখে পাঠানো’ হবে বলে তালেবান জঙ্গিরা ঘোষণা দিয়েছে। তবে সেই হুমকি উপেক্ষা করেই তিনি দুবাই থেকে একটি ফ্লাইটে করাচি বিমানবন্দরে গতকাল অবতরণ করেন। সেখানে শত শত সমর্থক নেচে-গেয়ে, বাদ্য বাজিয়ে, ফুলের পাপড়ি ছিটিয়ে ও সবুজ পতাকা উড়িয়ে তাঁকে স্বাগত জানান। জনতার হাতে হাতে ছিল পারভেজ মোশাররফ ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি, মুখে ছিল স্লোগান ‘মোশাররফ দীর্ঘজীবী হোন’। ১৯৯৯ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জেনারেল মোশাররফ। প্রেসিডেন্টের পদ থেকে ২০০৮ সালে তিনি সরে দাঁড়াতে বাধ্য হন এবং স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যান। কারণ তাঁর অনুসারী রাজনৈতিক দল নির্বাচনে পরাজিত হয়েছিল। বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি তৎকালীন নতুন সরকারের প্রেসিডেন্ট নির্বাচিত হন। মোশাররফের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতায় থাকাকালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন। ২০০৭ সালে আততায়ীর হামলায় বেনজির নিহত হন। এ ছাড়া বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী নেতা আকবর বুগতি হত্যাকাণ্ডের ঘটনায় মোশাররফের যোগসাজশ ছিল বলেও অভিযোগ রয়েছে। তবে এবার দেশে ফেরার আগেই আদালত তাঁর আগাম জামিন মঞ্জুর করেছেন। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মোশাররফের নেতৃত্বাধীন দল অল পাকিস্তান মুসলিম লিগ কতটা প্রভাব বিস্তার করতে সমর্থ হবে, তা অস্পষ্ট। বিতর্কিত এই নেতা দীর্ঘদিন যুক্তরাজ্যের লন্ডন ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থান করেন। তাঁর রাজনৈতিক ভাবমূর্তি নিয়ে দেশে বিভিন্ন বিতর্ক রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সাবেক ক্রিকেট তারকা ও বর্তমান রাজনীতিক ইমরান খান আসন্ন নির্বাচনে জোরালো জনসমর্থন পাবেন বলে ধারণা করা হচ্ছে। মোশাররফকে বন্দী করতে সরকারের প্রতি এইচআরডব্লিউর আহ্বান: সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আটক করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মানবাধিকার লঙ্ঘনের বেশ কয়েকটি অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি-প্রক্রিয়া থেমে আছে। এইচআরডব্লিউ পাকিস্তান শাখার প্রধান আলী দায়ান হাসান বলেন, মোশাররফকে এসব অভিযোগ এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত হবে না। রয়টার্স, এএফপি, বিবিসি ও ডন।