স্বেচ্ছায় নির্বাসনের সম্ভাবনা উড়িয়ে দিলেন ইংলাক
থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গতকাল শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। গত মে মাসে সেনা-অভ্যুত্থানে তাঁর সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম সংবাদ সম্মেলন। এ সময় দুর্নীতির অভিযোগ এড়াতে স্বেচ্ছায় নির্বাসনে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। খবর এএফপির।
থাইল্যান্ডে টানা ছয় মাসের সরকারবিরোধী বিক্ষোভের পর গত মে মাসে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করে। অবশ্য তার কিছুদিন আগেই ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইংলাক দেশটির সাংবিধানিক আদালতের রায়ে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন।
রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইংলাক বলেন, তিনি ফ্রান্সের প্যারিসে একটি ‘ব্যক্তিগত সফরে’ যাবেন। ইংলাক ২৬ জুলাই তাঁর বড় ভাই সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ৬৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। থাকসিন ২০০৬ সালে এক সেনা-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধেও দুর্নীতির মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন।
তবে ইংলাক ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি থাই নাগরিক। অন্যান্য থাই নাগরিকের মতো আমারও অধিকার ও স্বাধীনতা থাকা উচিত। আমি সবাইকে পুনরায় আশ্বস্ত করছি, আমি আমার অনুসারী থাই নাগরিকদের ত্যাগ করব না। আমি থাইল্যান্ডে ফিরে আসতে প্রস্তুত রয়েছি।’