স্মার্টফোনে মুহূর্তেই ডায়াবেটিস পরীক্ষা

স্মার্টফোনের সঙ্গে যুক্ত একটি নতুন যন্ত্র মানুষের লালার নমুনা পরীক্ষা করে মাত্র কয়েক সেকেন্ডে জানিয়ে দিতে পারে তাঁর ডায়াবেটিস আছে কি না অথবা রোগটির মাত্রা কেমন। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ যন্ত্র তৈরি করেছেন। খবর পিটিআইয়ের।
গবেষকেরা বলছেন, যন্ত্রটি টাইপ টু ডায়াবেটিসের সম্ভাব্য ঝুঁকির একটি সূচক শনাক্ত করে রোগটির মাত্রা নির্ণয় করে। নিম্ন আয়ের মানুষের জন্য এটি বিশেষ উপযোগী হতে পারে। স্মার্টফোনের মাধ্যমে এটি তাৎক্ষণিক ফলাফল জানিয়ে দেয়। এতে রোগীর হাতে সুচ ফুটিয়ে রক্ত নেওয়ার প্রয়োজন হয় না। তার বদলে ফোনে যুক্ত বিশেষ যন্ত্রটিই নির্ণয় করে ডায়াবেটিসের বৈশিষ্ট্যধারক যৌগ উপাদানটি ব্যক্তির লালার মধ্যে আছে কি না।
ওই গবেষণা প্রকল্পের সমন্বয়কারী মেক্সিকোর তেক দে মন্তেরেই বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদ মার্কো আন্তোনিও রিতে পালোমারেস বলেন, গর্ভধারণ পরীক্ষার মতোই সহজে ফলাফল জানিয়ে দেয় নতুন যন্ত্রটি। এতে মানুষের লালার নমুনা পরীক্ষা করে ডায়াবেটিস নির্ণয়ের তথ্য-উপাত্ত স্মার্টফোনে সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে।