যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক তারবার্তা ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ স্মৃতিকথা লিখছেন। দুটি প্রকাশনা সংস্থার কাছে ইতিমধ্যে তিনি স্মৃতিকথার স্বত্ব বিক্রিও করে দিয়েছেন বলে খবর বেরিয়েছে।ব্রিটেনের সংবাদপত্র গার্ডিয়ান গত মঙ্গলবার জানিয়েছে, অ্যাসাঞ্জের স্মৃতিকথার পাণ্ডুলিপি আগামী মার্চে চূড়ান্ত হতে পারে। প্রকাশনা সংস্থা র্যানডমের দুটি শাখা প্রতিষ্ঠান ব্রিটেনের ক্যাননগেট এবং যুক্তরাষ্ট্রের নাফ প্রকাশনীর কাছে অ্যাসাঞ্জ স্বত্ব বিক্রি করেছেন।সংবাদপত্রটি জানায়, র্যানডমের স্প্যানিশ প্রকাশকের মাধ্যমে অ্যাসাঞ্জের স্মৃতিকথা প্রকাশের খবর ফাঁস হয়েছে।তবে এ সংক্রান্ত কোনো তথ্য এই মুহূর্তে তাঁদের কাছে নেই বলে জানান র্যানডমের নিউইয়র্কের মুখপাত্র। অনলাইন বিজনেস ওয়েবসাইট ডেইলি ফাইন্যান্সকে একটি ই-মেইলের মাধ্যমে ক্যাননগেটের প্রকাশক জ্যামি বিং এ খবর নিশ্চিত করেছেন বলে গার্ডিয়ান দাবি করেছে। ৩৯ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ বর্তমানে একটি যৌন নিপীড়নের মামলায় জামিনে রয়েছেন। মামলার সূত্র ধরে তাঁকে সুইডেনের কাছে হস্তান্তর করা হবে কি না, সে বিষয়ে বর্তমানে শুনানি চলছে।এদিকে অ্যাসাঞ্জের সাবেক প্রধান সহকারী ড্যানিয়েল ডোমেশিটবার্গ তাঁর একটি বইয়ে উইকিলিকসের ঘটনাবলি তুলে ধরেছেন। ইনসাইড উইকিলিকস: মাই টাইম অ্যাট দ্য ওয়ার্ডস মোস্ট ডেনজারাস ওয়েবসাইট নামের ওই বইটি আগামী জানুয়ারিতে প্রকাশিত হচ্ছে। সিবিসি নিউজ অনলাইন।