স্মৃতিশক্তি মাত্র ৯০ মিনিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো বিষয় সর্বোচ্চ মাত্র ৯০ মিনিট পর্যন্ত মনে রাখতে পারেন তিনি। না, গল্প-উপন্যাস বা চলচ্চিত্রের কোনো চরিত্র নন, তিনি রক্তমাংসের মানুষ। যুক্তরাজ্যের বাসিন্দা। দেশটির লেস্টার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা বলছেন, এ রকম রোগী কখনো দেখা যায়নি। খবর আইএএনএসের।
৩৮ বছর বয়সী ওই মহা ভুলোমন মানুষটির নাম প্রকাশ করা হয়নি। তিনি এমনিতে শারীরিকভাবে সুস্থ। এক দশক আগে সমস্যার সূচনা। তখন দাঁতের চিকিৎসা করানোর সময় চিকিৎসক তাঁর মাড়িতে সাময়িক অসাড় করার ওষুধ প্রয়োগ করেছিলেন। তারপর থেকেই তিনি ৯০ মিনিটের বেশি সময় কিছুই মনে রাখতে পারেন না।
যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক জেরাল্ড বার্গেস বলেন, চিকিৎসা করতে গিয়ে তাঁরা এ রকম রোগী কখনো পাননি। তাই এ ক্ষেত্রে কী করতে হবে, সেটা তাঁদের অজানা।
রোগীটি এখনো নিজের পরিচয় দিতে পারেন। তাঁর ব্যক্তিত্বেও পরিবর্তন হয়নি। তবে প্রতিদিনই তাঁর মনে হয়, সেদিনই দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার কথা। গবেষকেরা বলছেন, তাঁকে একটি বৈদ্যুতিক যন্ত্রনির্ভর দিনপঞ্জির ওপর নির্ভর করেই বাকি জীবন কাটানোর ব্যবস্থা করতে হবে। অসাড় করার ওষুধের প্রভাবেই স্মৃতিশক্তি হারিয়েছে—এমন কোনো প্রমাণ না থাকায় এ জন্য দাঁতের চিকিৎসককে দায়ী করা যাচ্ছে না।