স্যাটেলাইট উৎক্ষেপণে রকেট ছুড়বে উত্তর কোরিয়া
আগামী মাসে দূরপাল্লার রকেটের মাধ্যমে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার দেশটির সরকারি বার্তা সংস্থা ও টেলিভিশনের খবরে এ খবর জানানো হয়। এর আগে উত্তর কোরিয়ার এ ধরনের পদক্ষেপের ঘটনায় জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করে।খাদ্যের বিনিময়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো বন্ধ রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হওয়ার ১৬ দিন পর উত্তর কোরিয়া এই ঘোষণা দিল। এই সমঝোতা অনুযায়ী দেশটিকে দুই লাখ ৪০ হাজার টন খাদ্যসামগ্রী দিতে রাজি হয় ওয়াশিংটন। খবরে বলা হয়, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট কিম ইল-সুংয়ের ১০০তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে ওই দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করা হবে। কক্ষপথে উপগ্রহ পাঠাতে ২০০৯ সালের ৫ এপ্রিল সর্বশেষ দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এ ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দেশটির ওপর নিষেধাজ্ঞা জোরদার করে।বিতর্কিত পারমাণবিক কর্মসূচি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষার কারণে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সম্পর্ক ভালো যাচ্ছে না। এএফপি ও রয়টার্স।