নিখোঁজ মালয়েশীয় বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ উদ্ধারে সাগরে অনুসন্ধান এলাকার আওতা গতকাল শনিবার আরও প্রায় ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। গতকাল পর্যন্ত দক্ষিণ ভারত মহাসাগরে তিন দিনের অনুসন্ধানে অস্ট্রেলিয়ার স্যাটেলাইটে ধরা পড়া ‘ধ্বংসাবশেষের’ খোঁজ মেলেনি। এ অবস্থায় গতকাল চীন তাদের স্যাটেলাইটে নতুন ছবি পাওয়ার কথা জানিয়েছে।
চীনের স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দক্ষিণ ভারত মহাসাগরেই একটি বড় আকারের বস্তুকে ভাসতে দেখা গেছে। সেটি ফ্লাইট এমএইচ ৩৭০-এর ধ্বংসাবশেষ কি না, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী হিশামুদ্দিন হুসেইন গতকাল কুয়ালালামপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, নতুন বস্তুটি সাড়ে ২২ মিটার দীর্ঘ ও ১৩ মিটার প্রশস্ত (৭৪ ফুট ও ৪৩ ফুট)। হিশামুদ্দিন বলেন, তিনি সবে এ তথ্য পেয়েছেন। তাঁর এ সংবাদ সম্মেলনের পর চীন বলেছে, ‘সন্দেহজনক ভাসমান বস্তুটির’ ছবি গত মঙ্গলবার দুপুরের দিকে ধারণ করা।
চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সাম্প্রতিকতম ছবিতে যে বস্তু দেখা যাচ্ছে, এর অবস্থান এর আগে অস্ট্রেলিয়ার স্যাটেলাইটে ধারণ করা সম্ভাব্য ধ্বংসাবশেষের অবস্থান থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। চীনের জাতীয় মহাকাশ সংস্থার গাওফেন-ওয়ান নামের স্যাটেলাইট থেকে সাম্প্রতিকতম ওই ছবি তোলা হয়েছে।
এদিকে বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান আরও জোরদার করা হয়েছে। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস গতকাল বলেন, ‘অভিযান অব্যাহত রয়েছে। আজ (শনিবার) থেকে প্রায় ১০ হাজার ৫০০ বর্গনটিক্যাল মাইল এলাকাজুড়ে অভিযান চালানোর পরিকল্পনা আছে।’
মালয়েশীয় কর্তৃপক্ষ জানায়, গতকাল বিভিন্ন দেশ এ অভিযানে অতিরিক্ত বিমান ও জাহাজ পাঠিয়েছে। এদিন দুটি বেসরকারি মালিকানাধীন বিমানসহ অন্তত ছয়টি বিমান অভিযানে অংশ নেয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল মার্কিন নৌবাহিনী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ ও ডেটা রেকর্ডার খুঁজতে সমুদ্র তলদেশসংক্রান্ত সামরিক প্রযুক্তি কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন।
স্যাটেলাইটের ছবি অনুযায়ী অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল থেকে প্রায় এক হাজার ৪০০ মাইল দূরে সাগরে থাকা ভাসমান বস্তু দুটি প্রচণ্ড ঢেউ ও বাতাসে বেশ খানিকটা দূরে সরে গিয়ে থাকতে পারে বলে গতকাল জানিয়েছেন অস্ট্রেলীয় উপপ্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ‘এগুলো সাগরে তলিয়ে গিয়েও থাকতে পারে। ওই প্রত্যন্ত স্থানটিতে সাগরের গভীরতা তিন থেকে পাঁচ কিলোমিটার।’ বিবিসি, এএফপি ও সিএনএন।