আবারও স্যাটেলাইটের ছবিতে নিখোঁজ উড়োজাহাজের সম্ভাব্য ধ্বংসাবশেষের চিত্র পাওয়ার কথা জানাল মালয়েশিয়া। দেশটির পরিবহনমন্ত্রী গতকাল বুধবার জানান, ভারত মহাসাগরের একই অংশে ১২২টি নতুন বস্তুর ছবি স্যাটেলাইটে ধরা পড়েছে। এগুলো নিখোঁজ হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ হতে পারে।
এদিকে প্রতিকূল আবহওয়ার কারণে ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল আবার মালয়েশীয় উড়োজাহাজটি অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট মালয়েশিয়ার উড়োজাহাজ নিয়ে ‘ধাঁধা’ সমাধানের অঙ্গীকার করেছেন। অ্যাবট কয়েক দিন আগে স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে তাঁর দেশের পশ্চিম উপকূল থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে সাগরে বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার ইঙ্গিত দেওয়ায় বড় ধরনের আন্তর্জাতিক অভিযান শুরু হয়।
মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী হিশামুদ্দিন হুসেইন গতকাল জানান, ফ্রান্সভিত্তিক স্যাটেলাইটের ছবিতে ভাসমান ১২২টি বস্তুর ছবি দেখা গেছে। গত রোববার ধারণ করা ওই ছবি বেশ উজ্জ্বল। বস্তুগুলো কঠিন ধাতব বস্তু বলে মনে হয়েছে। এর কোনো কোনোটি প্রায় ২৩ মিটার (৭৫ ফুট) পর্যন্ত দীর্ঘ বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রী হিশামুদ্দিন আরও জানান, ছবিতে দেখা বস্তুগুলো প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকার মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এর অবস্থান অস্ট্রেলিয়ার পার্থ বন্দর থেকে প্রায় দুই হাজার ৫৫৭ কিলোমিটার (এক হাজার ৫৮৮ মাইল) দূরে। মন্ত্রী বলেন, নতুন এই ছবি উড়োজাহাজ উদ্ধার অভিযানে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এ নিয়ে চারবার স্যাটেলাইট থেকে পাওয়া সম্ভাব্য ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হলো। কিন্তু বাস্তবে ধ্বংসাবশেষ হিসেবে একটি টুকরাও চিহ্নিত বা উদ্ধার করা সম্ভব হয়নি।
এক দিন বন্ধ থাকার পর গতকাল উদ্ধার অভিযান শুরু হওয়ার খবর জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যাবট বলেন, ‘ধ্বংসাবশেষ খুঁজে পেতে শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করব। এ ধাঁধা সমাধানে প্রয়োজনীয় সবকিছুই করা হবে।’
অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তাবিষয়ক কর্তৃপক্ষ (এএমএসএ) গতকাল জানায়, বুধবার শুরু হওয়া উদ্ধার অভিযানে সাতটি সামরিক ও পাঁচটি বেসামরিক উড়োজাহাজ অংশ নিয়েছে। ছয়টি দেশ: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
মালয়েশিয়া কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, উড়োজাহাজটির সাগরে ডুবে ধ্বংস হওয়ার পক্ষে তথ্য-উপাত্ত চেয়েছে চীন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গতকাল জানায়, মালয়েশিয়ার কাছ থেকে তথ্য-উপাত্ত নিতে চীনের বিশেষ দূত ঝাং ইসুই কুয়ালালামপুরে পৌঁছেছেন। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও পরিবহনমন্ত্রী হিশামুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। উড়োজাহাজ ধ্বংসের তথ্য-উপাত্ত নেওয়াই ঝাং ইসুইয়ের মালয়েশিয়া সফরের মূল উদ্দেশ্য।
ব্ল্যাকবক্স উদ্ধার নিয়ে সংশয়: উড়োজাহাজটির কিছু ধ্বংসাবশেষ পাওয়ার সম্ভাবনা থাকলেও ব্ল্যাকবক্স (যাতে ফ্লাইটের সব তথ্য থাকে) পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। নিউ সাউথ ওয়েলসের মহাসমুদ্রবিদ এরিক ভ্যান সেবাইল বলেন, উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে, তা সমুদ্রের সবচেয়ে বিপজ্জনক এলাকা ‘গর্জনশীল চল্লিশা’ নামে পরিচিত। সমুদ্রের এই অংশটি সবচেয়ে বেশি উত্তাল বলে সেখান থেকে ব্ল্যাকবক্স উদ্ধার করা কঠিন।
জেমস কুক ইউনিভার্সিটির ভূতত্ত্ববিদ রোবেন বেম্যান বলেন, মহাসাগরের তলদেশের আগ্নেয়গিরিও ওই ব্ল্যাকবক্স পাওয়ার সম্ভাবনা কমিয়ে দেবে।
মার্কিন নৌবাহিনী ব্ল্যাকবক্স উদ্ধারের উচ্চ প্রযুক্তিসম্পন্ন একটি যন্ত্র অস্ট্রেলিয়ার পার্থে পাঠিয়েছে। শিগগিরই তা উদ্ধার অভিযানে যোগ দেবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলে ব্ল্যাকবক্সের ব্যাটারি কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ফলে উচ্চপ্রযুক্তির ওই যন্ত্র ব্যবহার করে তা উদ্ধার করা সম্ভব না-ও হতে পারে।
মালয়েশিয়া এয়ারলাইনসের একটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ ২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হয়। কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার উদ্দেশে যাত্রা করে এক ঘণ্টা পরই রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিবিসি ও এএফপি।