স্যান্ডউইচ তিনি আনিয়েই ছাড়লেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজনরসিক এক বিমানচালকের স্যান্ডউইচ চাই। না খেয়ে তিনি উড়োজাহাজ ছাড়বেনই না। তাঁর এ ইচ্ছা পূরণ করতে গিয়ে নিউইয়র্কগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে আড়াই ঘণ্টার বেশি দেরিতে বিমানবন্দর ছেড়েছে। গত শনিবার পাকিস্তানের লাহোর বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে স্থানীয় সময় ভোর ছয়টা ৪৫ মিনিটে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ফ্লাইট পিকে-৭১১ নামের বিমানটির নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

যাত্রার আগে অনুমোদিত খাবার বিতরণ করছিল খাদ্য সরবরাহ বিভাগ। এর মধ্যে ছিল দুপুরের খাবার, চীনা বাদাম, বিস্কুট, চিপস ইত্যাদি। এ সময় বিমানটির ফ্লাইট ক্যাপ্টেন নওশাদ তাঁকে স্যান্ডউইচ দিতে খাদ্য সরবরাহ বিভাগকে নির্দেশ দেন।

খাদ্য সরবরাহ বিভাগ ওই ক্যাপ্টেনকে অনুমোদিত তালিকার বাইরে কোনো খাবার বিতরণ করতে অপারগতা প্রকাশ করে। ফ্লাইট ছাড়ার সময় সম্পর্কেও বিমানচালককে সতর্ক করে খাদ্য সরবরাহ বিভাগ।

তাঁকে জানানো হয়, শহরের পাঁচতারকা হোটেলে ফরমাশ দেওয়ার পরই স্যান্ডউইচ আনা যেতে পারে। আর এতে দুই ঘণ্টার বেশি সময় লেগে যাবে।

বিমানচালক তাঁর দাবিতে অনমনীয় থাকেন। তিনি বলেন, সময় যতই লাগুক, স্যান্ডউইচ তাঁর চাই-ই চাই।

এরপর খাদ্য সরবরাহ বিভাগ করাচিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) সদর দপ্তরে বিমানচালকের চাহিদার বিষয়টি অবহিত করে। বিমানচালকের স্যান্ডউইচ ইচ্ছা পূরণে খাদ্য সরবরাহ বিভাগকে নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

এরপর শহরের সংশ্লিষ্ট পাঁচতারকা হোটেল থেকে স্যান্ডউইচ আনা হয়। এ কারণে  নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে ফ্লাইট ছাড়ে।