স্যান্ডউইচের জন্য আড়াই ঘণ্টা দেরিতে উড্ডয়ন!
ভোজনরসিক এক বিমানচালকের স্যান্ডউইচ চাই। না খেয়ে তিনি উড়োজাহাজ ছাড়বেনই না। তাঁর এই ইচ্ছা পূরণ করতে গিয়ে নিউইয়র্কগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে আড়াই ঘণ্টার বেশি দেরিতে বিমানবন্দর ছেড়েছে। গত শনিবার পাকিস্তানের লাহোর বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) উড়োজাহাজটি নিউইয়র্কের উদ্দেশে ছাড়ার কথা ছিল। যাত্রার আগে অনুমোদিত খাবার দিয়েছিল খাদ্য সরবরাহ বিভাগ। এর মধ্যে ছিল দুপুরের খাবার, চীনাবাদাম, বিস্কুট, চিপস ইত্যাদি। এ সময় উড়োজাহাজের ফ্লাইট ক্যাপ্টেন নওশাদ তাঁকে স্যান্ডউইচ দিতে খাদ্য সরবরাহ বিভাগকে নির্দেশ দেন। খাদ্য সরবরাহ বিভাগ তাঁকে অনুমোদিত তালিকার বাইরে কোনো খাবার বিতরণ করতে অপারগতা প্রকাশ করলে সমস্যা বাঁধে।
তবে বিমানচালক তাঁর দাবিতে অনমনীয় থাকেন। এরপর খাদ্য সরবরাহ বিভাগ করাচিতে পিআইএর সদর দপ্তরে বিষয়টি জানায়। বিমানচালকের স্যান্ডউইচ ইচ্ছা পূরণে খাদ্য সরবরাহ বিভাগকে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এরপর স্যান্ডউইচ আনা হয়। এ কারণে নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে ফ্লাইট ছাড়ে। রয়টার্স।