স্যান্ডউইচের ২৫০ বছর পূর্তি উৎসব
১৭৬২ সালের কথা। যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির ঐতিহাসিক শহর স্যান্ডউইচের চতুর্থ আর্ল জন মন্টেগু অবসরে বন্ধুদের সঙ্গে তাস খেলছিলেন। খেলার ফাঁকে খিদে পেলেতাড়াতাড়ি হওয়ার জন্য তিনি পাউরুটির দুটো টুকরার মধ্যে এক টুকরা গরুর মাংস দিতে বললেন ভৃত্যকে।স্যান্ডউইচ নগরের আর্ল তখন ভাবতেই পারেননি, সেই শহরটির নামেই শেষ পর্যন্ত ওই খাবারের নাম হয়ে যাবে। এর আগে খাবারটির পরিচিতি ছিল পাউরুটি-মাংস বা পাউরুটি-পনির নামে। স্যান্ডউইচ নগরের আর্ল জন মন্টেগুর মতো তাঁর বন্ধুরাও সেদিন অনুরূপ খাবার দিতে বলেন। সেই থেকে ক্রমে স্যান্ডউইচের নামেই পরিচিত হয়ে ওঠে খাবারটি। এবার সেই স্যান্ডউইচ ২৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসব হচ্ছে। উৎসবের দ্বিতীয় দিন গতকাল রোববার নানা ধরনের স্যান্ডউইচ প্রদর্শনী ও বিক্রির স্টল, স্যান্ডউইচ বানানো প্রতিযোগিতা, আঠারো শতকের সংগীত নিয়ে কনসার্ট এবং নাটকের মধ্য দিয়ে জন মন্টেগুর স্যান্ডউইচ খাওয়ার দৃশ্য তুলে ধরা হয়। বিবিসি।