স্যান্ডি-কবলিত এলাকায় জ্বালানির তীব্র সংকট
ঘূর্ণিঝড় স্যান্ডির ক্ষত সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলোকে। দুর্গত এলাকায় জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও সংকট পুরোপুরি কাটছে না। এর মধ্যে দেখা দিয়েছে জ্বালানি-সংকট।গত বৃহস্পতিবার নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্যের বাসিন্দাদের উল্লেখযোগ্য অংশ কর্মক্ষেত্রে যোগ দেয়। তবে গণপরিবহনে চলাচল সীমিত থাকায় বাসস্ট্যান্ডগুলোতে দিনভর ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। ব্যক্তিগত যানবাহন নিয়ে সড়কপথে নেমেই দেখা গেছে জ্বালানির সংকট। অধিকাংশ পেট্রোল পাম্পের মজুদ শেষ হয়ে গেছে। নিউইয়র্ক থেকে নিউজার্সি পর্যন্ত পেট্রল পাম্পগুলোতে ছিল গাড়ির দীর্ঘ লাইন।ম্যানহাটনে বাংলাদেশি ক্যাবচালক মোহাম্মদ রহমান জানান, গাড়িতে পেট্রল সংগ্রহ করতে না পারায় কাজে যোগ দিতে পারছেন না। নিউইয়র্ক ও নিউজার্সির পাঁচটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, এসব কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনের মধ্যে চরম হতাশা। অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ না থাকলেও দীর্ঘস্থায়ী পুনর্বাসন নিয়ে নাগরিকেরা উদ্বিগ্ন। অধিকাংশ বাড়িঘরই গৃহবিমার আওতায়। ক্ষতিগ্রস্ত পক্ষ বিমা কোম্পানির পক্ষ থেকে তদন্তের পর ক্ষতিপূরণ পাবে। ধীরগতির এ প্রক্রিয়ায় দুর্গত এলাকার জনজীবন প্রকৃত অর্থে কবে স্বাভাবিক হবে, তা নিয়ে উদ্বিগ্ন তারা।নিউইয়র্ক ও নিউজার্সির অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার থেকে খুলে দেওয়া হবে। ঘূর্ণিদুর্গত অঞ্চলের এক কোটি ৭০ লাখ লোক এখন কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনার সাহায্যের আওতায় বলে জানানো হয়েছে। ঘূর্ণিদুর্গত এলাকার সড়ক-মহাসড়ক খুলে দেওয়া হলেও বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড রয়েছে। বিভিন্ন স্থানে এখনো পড়ে যাওয়া গাছ ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজ চলছে। সড়কপথ মাঝেমধ্যেই বন্ধ করে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে।