স্যান্ডি-দুর্গতদের জন্য বিশেষ ব্যবস্থা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্যান্ডি-দুর্গত ব্যক্তিদের ভোট দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। নিউইয়র্কের কয়েকটি কাউন্টির দুর্গত ব্যক্তিদের যেকোনো কেন্দ্রে ভোট দেওয়ার সুবিধা দেয় কর্তৃপক্ষ।নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো স্থানীয় সময় গত সোমবার জানান, স্যান্ডি-দুর্গত ব্যক্তিরা যেকোনো কেন্দ্রে তাঁদের ভোট দিতে পারবেন। তিনি বলেন, ‘আমি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছি, যাতে ভোটাররা যেকোনো কেন্দ্রে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’ ভোটারদের উদ্দেশে অ্যান্ড্রু কুমো বলেন, ‘আপনি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে থাকলে কাছের যেকোনো ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।’নিউইয়র্ক অভিবাসী জোটসহ কয়েকটি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক কর্তৃপক্ষ এ ব্যবস্থা করে।দুর্গত আরেক অঙ্গরাজ্য নিউজার্সিতে ভোট গ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ভোটকেন্দ্রে বিদ্যুৎ না থাকার কারণে এই অঙ্গরাজ্যের টমস রিভার এলাকায় কেন্দ্রের বাইরে ভোটের গাড়ি বসানো হয়।গত মাসের শেষ দিকে ঘূর্ণিঝড় স্যান্ডি ক্যারিবীয় অঞ্চল ও মধ্য আটলান্টিক পেরিয়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের প্রচণ্ড আঘাত হানে। এতে অন্তত ২৪টি অঙ্গরাজ্যে ক্ষয়ক্ষতি হয়। স্যান্ডির কারণে নির্বাচনী প্রচারণা ব্যাহত হয়। এএফপি।