স্যান্ডির আশঙ্কায় স্থবির নিউইয়র্কের জনজীবন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শক্তিশালী ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতের আশঙ্কায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে ছয়টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নর্থ ক্যারোলাইনা থেকে কানেকটিকাট পর্যন্ত নিম্নাঞ্চলের লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিউইয়র্ক, নিউজার্সি থেকে শুরু করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে গতকাল সোমবারের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।হারিকেন স্যান্ডির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা থমকে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি তাঁদের শেষ মুহূর্তের প্রচারণা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন।যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, মধ্য আটলান্টিকের দিকে ধেয়ে আসা হারিকেন স্যান্ডি যুক্তরাষ্ট্রের সময় সোমবার মধ্যরাতের আগেই উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি সার্বক্ষণিক ঘণ্টায় ৭৫ মাইল গতিতে এগিয়ে আসছে। ব্যতিক্রমধর্মী এ মৌসুমি ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়াবিদেরা সঠিক ধারণা দিতে পারছেন না। ঘূর্ণিঝড় স্যান্ডি কখনো শক্তি বৃদ্ধি করছে, কখনো দীর্ঘ মাত্রার ব্যাসার্ধে তুমুল ঝড়-বৃষ্টি নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে।ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার সকাল থেকেই নিম্নাঞ্চল থেকে লোকজনের সরে যাওয়া শুরু হয়েছে। নগরকেন্দ্রের কাছাকাছি কনি আইল্যান্ড এবং ব্যাহারি পার্ক সিটি এলাকা থেকে প্রায় চার লাখ লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। নিউইয়র্কের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে নগরকেন্দ্রে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা রাখা হয়েছে। নগরের ট্রানজিট সিস্টেম রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার রাতে ম্যানহাটান ভুতুড়ে নগরে পরিণত হয়েছে।প্রেসিডেন্ট বারাক ওবামা কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বিতর্ক করেছেন। প্রেস ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ওবামা হারিকেন স্যান্ডিকে বড় ধরনের এবং বিধ্বংসী ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় জরুরি ব্যবস্থা কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রস্তুতি নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।নিউইয়র্ক, নিউজার্সির সমুদ্র-তীরবর্তী এলাকায় ১১ ফুট পর্যন্ত উচ্চতায় পানি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। নিউজার্সির গভর্নর ক্রিম ক্রিস্টি রোববার বিকেলের মধ্যে নিম্নাঞ্চল থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সমুদ্র পারের আটলান্টিক সিটির ক্যাসিনোগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এই নগরে বসবাসরত প্রায় ৩০ হাজার বাংলাদেশি নিকটবর্তী এলাকায় নিরাপদে সরে এসেছেন। নিউজার্সির অধিকাংশ স্কুল-কলেজ সোম ও মঙ্গলবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাটে লোকজনকে শুকনো খাবারসহ নিজস্ব জরুরি ব্যবস্থাপনা নিয়ে দুর্যোগ মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি নগরকেন্দ্রে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। রোববার সকালের মধ্যেই মোমবাতি, পানীয় জলের বোতল, দুধ ও তৈরি খাবার শেষ হয়ে যায় বিপণিবিতানগুলোতে। নিউজার্সির নর্থব্লান্স উইকে বসবাসরত বাংলাদেশি শাহাবউদ্দিন চৌধুরী বলেন, ঘরের মধ্যে বসে তিনি দোয়া-দরুদ পড়ছেন। রেডিও-টেলিভিশনে ভীতিকর সংবাদ পরিবেশন করা হচ্ছে।নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেছেন, ঘূর্ণিঝড়-পরবর্তী পুনরুদ্ধার পরিস্থিতি হবে আরও জটিল। নিয়ন্ত্রণকক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জরুরি বিভাগকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মধ্যে তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে পূর্ণ চন্দ্রের প্রাকৃতিক প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উত্তালতা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।