স্রেব্রেনিৎসা হত্যার নিন্দায় রুশ ভেটো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্রেব্রেনিৎসায় সার্ব বাহিনীর চালানো গণহত্যার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা একটি প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিয়েছে রাশিয়া। খবর আল-জাজিরার।
গত বুধবার প্রস্তাবটির ওপরে ভোটাভুটির আয়োজন করে নিরাপত্তা পরিষদ। পক্ষে ১০ ভোট পড়ে। একমাত্র রাশিয়া এর বিরোধিতা করে। মস্কোর রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেন, প্রস্তাবটি ‘গঠনমূলক নয়, এটি সংঘাতমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
বসনীয় সংঘাতের শেষের দিকে ১৯৯৫ সালের জুলাইয়ে বসনিয়ার স্রেব্রেনিৎসাতে সার্ব বাহিনীর হাতে নিহত হয় অন্তত আট হাজার বসনীয় মুসলিম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সেটাই ছিল ইউরোপে সবচেয়ে বড় হত্যাযজ্ঞের ঘটনা।