ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে পিছু হটছে রুশপন্থী বিচ্ছিন্নতা– বাদীরা৷ সরকারি বাহিনী একটি টেলিভিশন ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে৷
স্লোভিয়ানস্ক থেকে বার্তা সংস্থার এক সাংবাদিক জানান, ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে৷ আর ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ জানিয়েছেন, সংঘর্ষে সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন৷ তবে ঠিক কতজন নিহত হন, সে তথ্য তিনি জানাননি৷
যেখানে সংঘর্ষ চলছে, সেখানে চারটি অ্যাম্বুলেন্স দেখা গেছে৷ বিছিন্নতাবাদীদের দুটি সাঁজোয়া যান এবং কিছু সদস্যকে পিছু হটতে দেখা যায়৷
স্লোভিয়ানস্ক শহরে ঢোকার প্রধান সড়কটি গত রোববার বন্ধ করে দেয় ইউক্রেনের নিরাপত্তা বাহিনী৷ এর পর থেকে সেখানে জোরালো সংঘাতের আশঙ্কা করা হচ্ছিল৷
ইউক্রেনের পূর্বাঞ্চলের কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ ভবন কয়েক সপ্তাহ ধরে দখল করে রেখেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা৷ এর মধ্যে স্লোভিয়ানস্ক শহর তাদের সবচেয়ে শক্ত ঘাঁটি৷ তাদের হটাতে গত বৃহস্পতিবার থেকে পূর্বাঞ্চলীয় শহরগুলোতে অভিযান শুরু করে ইউক্রেনের সেনা ও নিরাপত্তা বাহিনী৷
তবে রাশিয়া ইউক্রেনকে সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেন সংঘাত বন্ধ করতে ব্যর্থ হলে তা ইউরোপের শান্তির জন্য হুমকির কারণ হয়ে উঠবে৷ এ জন্য ব্যবস্থা নিতে ইউক্রেন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো৷ বিবিসি৷