সয়ুজ রকেটে চড়ে তিন নভোচারীর মহাকাশযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পাঁচ মাস বিরতির পর গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে সয়ুজ রকেট উৎক্ষেপণ করা হয়েছে। দুজন রুশ, একজন মার্কিন নভোচারী সয়ুজে করে মহাকাশ স্টেশনে যাচ্ছেন। এবারের অভিযানে রাশিয়ার জেনাদি পাদালকা ও সার্গেই রেভিন এবং যুক্তরাষ্ট্রের জোসেফ আকাবা রয়েছেন। কাজাখস্তানে রাশিয়ার বৈকানুর রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মেঘমুক্ত আকাশে সয়ুজ এফজি রকেটে করে তাঁরা যাত্রা শুরু করেন। অভিযান নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, পরিকল্পনা অনুযায়ী সফলভাবেই সয়ুজ রকেটটি কক্ষপথে পাঠানো হয়েছে। রকেটের সব নভোচারী ভালো আছেন। দুই দিন ভ্রমণের পর কাল বৃহস্পতিবার তাঁদের মহাকাশ স্টেশনে পৌঁছার কথা।মহাকাশ স্টেশনে যুক্তরাষ্ট্রের অভিযান বন্ধের পর বর্তমানে শুধু রাশিয়া সেখানে নভোচারী পাঠাচ্ছে। এর আগে গত ডিসেম্বরে মহাকাশ স্টেশনে নভোচারী পাঠিয়েছিল রাশিয়া।নতুন তিন নভোচারী মহাকাশ স্টেশনে রাশিয়ার নভোচারী ওলেগ কোনোনেনকো, নাসার নভোচারী ডন পেটিট ও ডাচ নভোচারী আন্দ্রে কুইপার্সের সঙ্গে যোগ দেবেন। ওই তিনজন গত ডিসেম্বর থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আছেন। এএফপি।