হংকং নিয়ে নাক না গলাতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি
হংকংয়ের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলকে নিজেদের যুদ্ধবিমানবাহী নতুন জাহাজ দেখিয়েছে বেইজিং।
সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ের ওপর বেইজিং নিয়ন্ত্রণ জোরদার করেছে বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার চীনের প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন। জবাবে বেইজিং এবার পাল্টা হুঁশিয়ারি দিল।
যুক্তরাজ্যের শাসনমুক্ত হয়ে ১৯৯৭ সালে চীনের শাসনাধীনে চলে যায় হংকং। সেখানে এখন স্বায়ত্তশাসনের পাশাপাশি পুঁজিবাদের কেন্দ্র হিসেবে অনেকটা স্বাধীনতাও রয়েছে। কিন্তু বিভিন্ন সংস্কারের দাবিতে চীনের কর্তৃপক্ষের সঙ্গে হংকংয়ের দ্বন্দ্ব শুরু হয়েছে।
হেগেলকে সামরিক শক্তির নমুনা দেখিয়েছে চীন: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে নতুন যুদ্ধবিমানবাহী জাহাজ দেখিয়ে নিজেদের বিকাশমান সামরিক শক্তির নমুনা দেখিয়েছে চীন। কিংদাওয়ে অবস্থিত ইউচি সামরিক ঘাঁটি পরিদর্শনের মধ্য দিয়ে চাক হেগেল গতকাল তিন দিনব্যাপী চীন সফর শুরু করেন। রয়টার্স ও এএফপি।