হংকংয়ের দিকে ধেয়ে আসছে টাইফুন উসাগি
টাইফুন উসাগি তীব্র বেগে ধেয়ে আসছে হংকংয়ের দিকে। শক্তিশালী উসাগি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে হংকং। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের ব্যস্ততম বন্দর, বাতিল করা হয়েছে বিমানের বেশির ভাগ ফ্লাইট। ধারণা করা হচ্ছে, গত ৩০ বছরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি।
বিবিসির খবরে বলা হয়, চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, উসাগির প্রভাবে দেশটির দক্ষিণ উপকূলে তীব্র বেগে বাতাস বয়ে যেতে পারে, হতে পারে প্রবল বর্ষণ। চীনের মূল ভূখণ্ডে জলোচ্ছ্বাসের আশঙ্কায় পার্ল নদীর ব-দ্বীপ থেকে হাজার হাজার নৌকা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে ঘূর্ণিঝড়টি তাইওয়ান ও ফিলিপাইনের মাঞের লুজোন প্রণালি অতিক্রম করার সময় অন্তত দুজন মারা গেছে। জাপানি ভাষায় উসাগি শব্দের অর্থ খরগোশ। চীনের ঘনবসতিপূর্ণ পার্ল নদীর ব-দ্বীপে ঘূর্ণিঝড়টির বাতাসের গতি ঘণ্টায় ১৬৫ কিলোমিটার।
সিনহুয়া জানায়, ৮০ হাজারেরও বেশি মানুষকে ফুজিয়ান প্রদেশের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া গুয়াংডং কর্তৃপক্ষ ৪৪ হাজার মাছ ধরার নৌকাকে বন্দরে ফিরে আসতে বলেছে। বেশ কিছু বিমান গুয়াংডং ও ফুজিয়ান শহরে চলাচলকারী ফ্লাইটগুলো বাতিল করেছে। চীন ও তাইওয়ানে চলাচলকারী জাহাজগুলো বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া টাইফুনে গুয়াংডং পরমাণুকেন্দ্রের যাতে কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে প্রকৌশলীরা চেষ্টা চালাচ্ছেন।
টাইফুনের কারণে হংকংয়ে তীব্র বেগে বাতাস বয়ে যাতে পারে এবং প্রবল বন্যা হতে পারে বলে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দ্রুত অবস্থার উন্নতি না হলে পুঁজিবাজারসহ বহু ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র বন্ধ হয়ে যেতে পারে।