হংকংয়ে আইনসভা নির্বাচন জয়ের আশায় চীনবিরোধীরা
হংকংয়ে গতকাল রোববার স্থানীয় আইন পরিষদের নির্বাচন হয়েছে। চীনের ‘নৈতিক ও জাতীয় শিক্ষা’ পরিকল্পনার বিরুদ্ধে গত সপ্তাহে ব্যাপক আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনে গণতন্ত্রপন্থীরা সাফল্যের আশা করছে। নির্বাচনের ফলাফল আজ সোমবার ঘোষণা করা হবে।চীনা শাসনের বিরুদ্ধে হংকংয়ের বাসিন্দাদের ক্রমবর্ধমান ক্ষোভ ও রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের অভাবের কারণে এবারের নির্বাচনে গণতন্ত্রপন্থীদের পাল্লা ভারী বলে বিশেষজ্ঞরা মনে করছেন। স্থানীয় একজন ভোটার বলেন, তিনি এমন প্রার্থীকে ভোট দিচ্ছেন—যিনি তাঁদের সাহায্য করতে পারেন। এ ছাড়া ভোটার নির্বাচনে জীবিকা, বাড়িভাড়া, মজুরি ও চিকিসাসেবার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। হংকংয়ের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচিতে চীনা দেশপ্রেমমূলক বিষয় পড়ানো বাধ্যতামূলক করার পরিকল্পনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। বিক্ষোভ ও আন্দোলনের মুখে ওই সিদ্ধান্ত বাতিলের এক দিন পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। হংকংয়ের আইনসভার ৭০টি আসনের মধ্যে ৪০টিতে এবারই প্রথম সরাসরি নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের ফলাফল দেশটিতে সর্বজনীন ভোটাধিকার বাস্তবায়নের পরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম করবে। ২০১৭ সালের মধ্যে ওই পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। তবে সংস্কারমূলক ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আইন পরিষদের সমর্থন প্রয়োজন। হংকংয়ের আইনসভার নির্বাচনে ৩৫ লাখ নাগরিক ভোট দেওয়ার সুযোগ পান। নির্বাচনী প্রচারে গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান, দুর্নীতি এবং চীনের মূল ভূখণ্ড থেকে পর্যটকদের আগমন প্রভৃতি বিষয়।হংকং বর্তমানে চীনের অধীনে আধা-স্বায়ত্তশাসিত একটি প্রশাসনিক অঞ্চলের মর্যাদা ভোগ করছে। যুক্তরাজ্যে তাদের সাবেক এই উপনিবেশটিকে ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তর করে। মূল চীন ভূখণ্ডের তুলনায় হংকংয়ে সংবাদমাধ্যম এবং সেখানকার মানুষ বেশি রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে। বর্তমান আইন অনুযায়ী, আইনসভার মোট ৭০টি আসনের মধ্যে ৩০টিতে নির্বাচকদের পছন্দ অনুযায়ী প্রার্থী নির্বাচিত হন। পাঠ্যসূচি থেকে চীনা দেশপ্রেমমূলক বিষয় বাদ দেওয়ার দাবিতে হংকংয়ের হাজার হাজার মানুষ স্থানীয় সরকারের সদর দপ্তর ঘিরে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করে। ওই পাঠ্যে কমিউনিস্ট পার্টির অপপ্রচার এবং ১৯৮৯ সালে তিয়েন আনমেন স্কয়ারে অভিযানের ঘটনা ও মাও জেদংয়ের আমলে দুর্ভিক্ষের ভুল বর্ণনা রয়েছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে। তবে চীন সরকারের দাবি, জাতীয় একাত্মতার চেতনা গড়তেই ওই পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে। এটি চীনের প্রাথমিক বিদ্যালয়ে চলতি মাসে এবং মাধ্যমিক বিদ্যালয়ে আগামী বছর চালু করা হবে। ওই পাঠ্যসূচির ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবে বলে হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা লিউং চুন-ইং গত শনিবার ঘোষণা দেন। লিউং গত জুলাইয়ে দায়িত্ব গ্রহণ করেন। হংকংয়ে গত সপ্তাহের বিক্ষোভের ফলে তিনি অ্যাপেকের আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে পারেননি। বিবিসি ও নিউইয়র্ক টাইমস।