হংকংয়ে স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য ফিলিপাইনের দুই গৃহকর্মীর আবেদন গতকাল সোমবার নাকচ করে দিয়েছেন সেখানকার শীর্ষ আদালত (কোর্ট অব ফাইনাল আপিল)। এতে দেশটিতে অবস্থানরত হাজার হাজার বিদেশি গৃহকর্মী হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।অভিবাসী শ্রমিকদের অধিকার আন্দোলনের (এশিয়ান মাইগ্র্যান্টস কো-অর্ডিনেটিং বডি) মুখপাত্র এমান ভিলানুয়েভা বলেন, আদালত এ রায়ের মাধ্যমে বৈষম্যের পক্ষে অবস্থান নিয়েছেন।আদালতের সামনে বিক্ষোভকারীরা ‘বৈষম্যের প্রতি না’ এবং ‘আমরা ক্রীতদাস নই’ প্রভৃতি স্লোগান দেন। হংকংয়ে বিদেশি গৃহকর্মীদের অনুমতির বিষয়ে দুই বছরব্যাপী আইনি প্রক্রিয়া চলে। আদালন জানান, বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য বেইজিংয়ে পাঠানোর প্রয়োজন নেই। এতে বরং নতুন করে বিতর্ক দেখা দিতে পারে। চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ের মোট জনসংখ্যা ৭০ লাখ। শহরটিতে অন্তত তিন লাখ বিদেশি নাগরিক গৃহকর্মী হিসেবে কাজ করেন। তাঁরা মূলত ফিলিপাইন ও ইন্দোনেশিয়া থেকে হংকংয়ে গিয়ে বহু বছর ধরে অবস্থান করছেন।আদালতের সর্বশেষ রায়ের ফলে গৃহকর্মীরা হংকংয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ বা ভোটাধিকার পাবেন না। বিষয়টি নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। হংকংয়ের বিচারমন্ত্রী রিমস্কি ইউয়েন বলেন, আদালতের ওই রায় সত্ত্বেও হংকংয়ে একটি উদার বহুজাতিক সমাজব্যবস্থা বহাল থাকবে এবং বিভিন্ন দেশের নাগরিককে সেখানে স্বাগত জানানো হবে। চীনের কাছ থেকে স্বায়ত্তশাসন অর্জনকারী হংকং তার অভ্যন্তরীণ অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ‘এক দেশ, দুই নীতি’ অনুসরণ করে থাকে। রয়টার্স, এএফপি ও বিবিসি।